চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদের উদ্যোগে চোখের চিকিৎসা পেল গুনাইঘরের দুই শতাধিক রোগী

দেবিদ্বার প্রতিনিধি।।
কুমিল্লার দেবিদ্বার উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে দুই শতাধিক রোগী চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ গ্রহণ করেন। পাশাপাশি ২৪ জন রোগীর ছানি ও নালি ব্লক অপারেশনের সম্পূর্ণ ব্যয় বহনের ঘোষণা দেওয়া হয়েছে।

সোমবার গুনাইঘর ইউনিয়নের হাজী ছায়েদ আলী সরকার বাড়িতে আয়োজিত এ ক্যাম্পে সৌদি প্রবাসী জুয়েল সরকার সহযোগিতা করেন।

চিকিৎসা নিতে আসা রোগীদের চোখ পরীক্ষা শেষে প্রয়োজনীয় ব্যবস্থাপত্র ও বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। চশমাজনিত সমস্যা, চোখ দিয়ে পানি পড়া, চোখব্যথা, মাথাব্যথা ও ছানিজনিত সমস্যায় আক্রান্ত রোগীরা এ সেবা গ্রহণ করেন।

চক্ষু ক্যাম্পে দায়িত্ব পালন করেন প্রোগ্রাম অফিসার মো. শাহজাহান, ডা. মো. হারুন অর রশিদ, শাহাদাত হোসেন, জালাল উদ্দিন, রুবেল হোসেন, আব্দুল হান্নান, ইসমাইল জলিল ও দুলাল মিয়াসহ অনেকে।

চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।