আহনাফ তিহামী, দাউদকান্দি-তিতাস।।
কুমিল্লার দাউদকান্দিতে হত্যা ও দস্যুতাসহ চার মামলার এক আসামিকে বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল চারটার দিকে দাউদকান্দি মডেল থানাধীন উত্তর হাসনাবাদ ভিটিকান্দি গ্রামের শফিউল্লাহ মুন্সির বাড়ির সামনের সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. রাসেল (৩৪)। তিনি দাউদকান্দি উপজেলার হাসনাবাদ ভিটিকান্দি গ্রামের জজ মিয়ার ছেলে। তাঁর মায়ের নাম বাছিরন বেগম।
দাউদকান্দি মডেল থানা-পুলিশ সূত্রে জানা যায়, কুমিল্লার পুলিশ সুপারের নির্দেশনায় দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় রাসেলকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর ডান হাতে থাকা ছোট খাকি রঙের শপিং ব্যাগ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে জব্দ করা হয়।
পুলিশ আরও জানায়, রাসেলের বিরুদ্ধে থানার রেকর্ডপত্র ও সিডিএমএস (কেন্দ্রীয় ডাটাবেস) পর্যালোচনা করে হত্যা ও দস্যুতাসহ চারটি মামলা রয়েছে।
অভিযানে দাউদকান্দি মডেল থানার উপপরিদর্শক (এসআই) ইহসানুল হাসান, এসআই রেজোয়ানুল ইসলাম, সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সেলিম মিয়া, এএসআই সঞ্জয় প্রামাণিক, কনস্টেবল মো. জামাল হোসাইন ও কনস্টেবল জাহাঙ্গীর আলম অংশ নেন।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাজেদুল ইসলাম বলেন, আইনানুগ ব্যবস্থা গ্রহণের পরে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।