আহনাফ তিহামী,দাউদকান্দি-তিতাস।।
ধূমপান থেকে বিরত থাকা এবং ধূমপানবিরোধী সচেতনতা ছড়িয়ে দেওয়ার শপথ নিয়েছে কুমিল্লার তিতাসের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৫ আগস্ট) ‘ধূমপানের ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে ছাত্রসমাজের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বাতাকান্দি সরকার সাহেব আলী আবুল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ শপথ নেয়।
অধূমপায়ী ফোরাম (অফ) তিতাস উপজেলা শাখার উদ্যোগে বিদ্যালয়টিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতাস উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান ভূঁইয়া। প্রধান বক্তা ছিলেন বাতাকান্দি সরকার সাহেব আলী আবুল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোখলেছুর রহমান।

অধূমপায়ী ফোরাম (অফ)-এর তিতাস উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ শাহজামান শুভ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক তাসীন তিহামীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, তিতাস উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মুন্সী জসিম উদ্দিন আহমেদ, দাউদকান্দি উপজেলা কমিটির প্রধান উপদেষ্টা কামরুল হাসান গরিব, কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা মো. শাহ আলম, সহ-সভাপতি ফারুক কামাল, তিতাস উপজেলা কমিটির উপদেষ্টা মোহাম্মদ শাহজাহান, সহ-সভাপতি শাহানারা বেগম, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. সবুজ মিয়া।
এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় ও বিভিন্ন উপজেলা কমিটির নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন অধূমপায়ী ফোরাম (অফ)-এর প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. হানিফ খান।
অতিথিদের বক্তব্যে ধূমপানের ক্ষতিকর দিক, তরুণ প্রজন্মের ওপর এর নেতিবাচক প্রভাব এবং ধূমপানমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের করণীয় তুলে ধরা হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
শপথে শিক্ষার্থীরা ধূমপান থেকে বিরত থাকা, অন্যদের ধূমপানে নিরুৎসাহিত করা এবং সমাজে ধূমপানবিরোধী সচেতনতা ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার করে।