গাজী রুবেল।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিশেষ অভিযান চালিয়ে সংঘবদ্ধ মহিলা চোরচক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি যাওয়া ২২ ক্যারেটের একটি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের দীর্ঘভূমি এলাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ব্রাহ্মণপাড়া-দুলালপুর সড়কে এ চুরির ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, ওই সময় সেলিনা বেগম (৫০) নামে এক নারীর গলায় থাকা ২২ ক্যারেটের ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন কৌশলে খুলে নিয়ে যায় চক্রের সদস্যরা। চেইনটির আনুমানিক মূল্য ১ লাখ ১৫ হাজার টাকা।ঘটনার পর সেলিনা বেগমের পক্ষে তার স্বামী মো. তাজুল ইসলাম (৫৫) ব্রাহ্মণপাড়া থানায় লিখিত অভিযোগ করলে মামলা দায়ের করা হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেনের নেতৃত্বে এসআই (নিঃ) মো. রফিকুল ইসলামসহ পুলিশের একটি দল ব্রাহ্মণপাড়ার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে।
ওসি মো. ফারুক হোসেন জানান, ব্রাহ্মণপাড়াসহ আশপাশের বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের তৎপরতার তথ্য এবং গত কয়েক মাসে উপজেলার বিভিন্ন স্থানে একাধিক চুরির ঘটনা পুলিশের নজরে আসে। এসব বিষয় আমলে নিয়ে চোরচক্র শনাক্ত ও গ্রেফতারে বিশেষ অভিযান শুরু করা হয়েছে। অভিযানের ধারাবাহিকতায় সংঘবদ্ধ চোরচক্রের পাঁচ নারী সদস্যকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন:- ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার ধরমন্ডল গ্রামের শামসুন্নাহার (৪০), মর্জিনা বেগম (৩০), ফুল চাঁন বিবি (৩৩), সাজারা বেগম (২২) ও অজুফা বেগম (২৫)।পুলিশ আরও জানায়, নারী পুলিশ সদস্যের মাধ্যমে তল্লাশি চালানোর সময় গ্রেফতার শামসুন্নাহারের পরিহিত সালোয়ারের ডান কুঁচি থেকে চুরি যাওয়া স্বর্ণের চেইনটি উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, গ্রেফতারদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় চুরি ও অন্যান্য অপরাধে একাধিক মামলা রয়েছে। তাদের মধ্যে শামসুন্নাহারের বিরুদ্ধে সাভার থানায়, মর্জিনা বেগমের বিরুদ্ধে আশুলিয়া, বাসন ও কসবা থানায়, ফুল চাঁন বিবির বিরুদ্ধে গোপালগঞ্জ থানায়, সাজারা বেগমের বিরুদ্ধে বাঙ্গরা বাজার থানায় এবং অজুফা বেগমের বিরুদ্ধে পাকুন্দিয়া থানায় পৃথক মামলা রয়েছে।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, গ্রেফতার পাঁচ নারীকে বুধবার আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে সংঘবদ্ধ চোরচক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। পুলিশের পক্ষ থেকে স্থানীয়দেরও বাজার, সড়ক ও জনসমাগমপূর্ণ এলাকায় চলাচলের সময় মূল্যবান সামগ্রী ও স্বর্ণালংকার ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।