ক্যাম্পাস সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে কুবিসাসের দুই দিনব্যাপী কর্মশালা

রাহাদুল ইসলাম সুজন, কুবি।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) আয়োজনে ক্যাম্পাস সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে দুই দিনব্যাপী ‘ক্যাম্পাসের ক্যানভাসে সাংবাদিকতা’ শীর্ষক সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসরুমে দ্বিতীয় দিনের দুটি প্রশিক্ষণ সেশন ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মশালার আনুষ্ঠানিক পর্দা নামে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরিফুল করিম। এ সময় কর্মশালায় অংশগ্রহণকারী সাংবাদিকদের হাতে সনদ তুলে দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এম এম শরিফুল করিম বলেন, সংবাদ প্রতিবেদন লেখা এবং সাংবাদিকতার বিভিন্ন কৌশল সম্পর্কে প্রশিক্ষণ নেওয়া গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের জন্য এ ধরনের প্রশিক্ষণ তাদের সাংবাদিকতা চর্চাকে আরও সমৃদ্ধ করতে পারে।

তিনি আরও বলেন, বর্তমানে বিভিন্ন পর্যায়ে সাংবাদিকতা চর্চা হচ্ছে। তবে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের বিশেষত্ব হলো, তারা একাডেমিক পরিবেশের মধ্য দিয়ে সাংবাদিকতা শেখা ও চর্চার সুযোগ পান। এই সুযোগকে কাজে লাগিয়ে সাংবাদিকদের দক্ষতা ও পেশাদারিত্ব বাড়াতে হবে।

কর্মশালায় অংশ নেওয়া এশিয়া পোস্টের কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ইউনুস সুজন বলেন, কর্মশালার মাধ্যমে সাংবাদিকতার মৌলিক বিষয়গুলোর পাশাপাশি সাক্ষাৎকার গ্রহণ, তথ্য যাচাই, ফ্যাক্ট চেকিং ও সংবাদ উপস্থাপনের বিভিন্ন কৌশল সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা পেয়েছি।

তিনি বলেন, ভবিষ্যতে সাংবাদিকতা চর্চায় এই প্রশিক্ষণের অভিজ্ঞতা তাদের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে।

সভাপতির বক্তব্যে কুবিসাসের সভাপতি এবং দৈনিক কালবেলার প্রতিনিধি আবু শামা বলেন,“দুই দিনব্যাপী এই কর্মশালায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, তথ্য যাচাই, সাক্ষাৎকার গ্রহণ এবং সাংবাদিকতার মৌলিক বিষয় নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। অভিজ্ঞ ও স্বনামধন্য সাংবাদিকদের কাছ থেকে পাওয়া এই প্রশিক্ষণ অংশগ্রহণকারীদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, আমরা আশা করি কর্মশালায় অংশ নেওয়া শিক্ষার্থীরা ভবিষ্যতে দক্ষ ও দায়িত্বশীল সাংবাদিক হিসেবে গড়ে উঠবেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন সাংবাদিক সমিতির সদস্যদের সর্বাত্মক সহযোগিতা করবে বলে আমরা প্রত্যাশা করি।”

উল্লেখ্য, দুই দিনের এ কর্মশালায় সাংবাদিকতার মৌলিক ধারণা, সংবাদ উপস্থাপন, মাল্টিমিডিয়া সাংবাদিকতা, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, সাক্ষাৎকার গ্রহণ এবং তথ্য যাচাইসহ সাংবাদিকতার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। কর্মশালায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন।