আহনাফ তিহামী, দাউদকান্দি।।
কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় লরির চাপায় আয়েশা বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আয়েশা বেগম উপজেলার পালপাড়া গ্রামের মনু মিয়া তালুকদারের স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আয়েশা বেগম গৌরীপুর পেন্নাই এলাকার মেজবাহ উদ্দিন হাজী বাড়ির লিয়াকত আলীর শাশুড়ি। তিনি মেয়ের জামাইয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। বুধবার বিকেলে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি লরি তাঁকে চাপা দেয়। এতে লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে দাউদকান্দি হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে আইনি ও প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।