আহনাফ তিহামী, দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার দাউদকান্দিতে লাল কার্ড উঁচিয়ে মাদক ও অপরাধকে ‘না’ বলে দেশপ্রেমের শপথ নিয়েছেন জামালকান্দি ওসমানিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) উপজেলার জামালকান্দি ওসমানিয়া উচ্চ বিদ্যালয় মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে সচেতনতামূলক আলোচনা সভা ও চরিত্র গঠনের শপথ অনুষ্ঠানে এ শপথ নেওয়া হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মু. আহসান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, সাধারণ সম্পাদক ডা. আশরাফ উদ্দিন নিলয়, সাংগঠনিক সম্পাদক এমএসআই ফরিদ ভূঁইয়া, সংগঠনের সদস্য রেদোয়ান আহমেদ ও আব্দুল আহাদ প্রমুখ।
আলোচনা সভা শেষে ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম শিক্ষার্থীদের চরিত্র গঠন, মাদক ও কিশোর অপরাধ থেকে দূরে থাকা, স্মার্টফোনের সঠিক ব্যবহার এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার শপথ পাঠ করান। এ সময় শিক্ষার্থীরা লাল কার্ড উঁচিয়ে মাদক ও অপরাধকে ‘না’ বলার অঙ্গীকার করেন।
লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল বলেন, শিক্ষার্থীদের টিফিনের টাকায় গড়ে ওঠা সংগঠনটির এটি ১ হাজার ৯৫১তম সচেতনতামূলক কর্মসূচি। গত ১৫ বছর ধরে দেশের ৬৪ জেলায় শিক্ষার্থীদের সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সংগঠনটি কাজ করছে। বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত সংগঠনটি এ পর্যন্ত প্রায় ৪৫ লাখ শিক্ষার্থীকে মাদকবিরোধী শপথ, সামাজিক সচেতনতা ও দেশপ্রেমমূলক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে উদ্বুদ্ধ করেছে।