দেবিদ্বার প্রতিনিধি।।
কুমিল্লার দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজে ছাত্রদলের উদ্যোগে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে কলেজ ক্যাম্পাসে কলেজ ছাত্রদলের সভাপতি সাদেক হোসেন মাহিনের নেতৃত্বে এ নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল, চকলেট ও কলম দিয়ে বরণ করে নেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় নবীন শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন তারা।
নবীনদের উদ্দেশে বক্তব্যে কলেজ ছাত্রদলের সভাপতি সাদেক হোসেন মাহিন বলেন, রাজনীতি মানে মারামারি-কাটাকাটি নয়। রাজনীতি মানে মানুষের অধিকার আদায়। আমরা কলেজে রাজনীতি করি শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের পাশে থেকে তাদের যৌক্তিক দাবি ও অধিকার আদায়ে কাজ করতে হবে। একই সঙ্গে শিক্ষার পরিবেশ বজায় রেখে দায়িত্বশীল ছাত্ররাজনীতি চর্চার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাসেল খান (হামজা), সহ-সভাপতি নাঈমুল ইসলাম, সাধারণ সম্পাদক রিফাত হোসেন, সহ-সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম, ছাত্রদল নেতা মামুন, শরীফুল ইসলাম মুন্সি, আশিক, শাহমাত, আশরাফুলসহ কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
নবীনবরণ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে তাদের শিক্ষাজীবনের সাফল্য কামনা করেন কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।