আবু সুফিয়ান:
কুমিল্লায় কাউছার নামে এক যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার দুপুরে গোমতী নদীর উত্তরপাড়ের ছত্রখিল এলাকায় এ হত্যার ঘটনা ঘটে।
নিহত কাউছার মহানগরীর ৪ নম্বর ওয়ার্ড যুবদল সদস্য ছিলেন। কুমিল্লার সাবেক মেয়র মোঃ মনিরুল হক সাক্কুর কর্মী ছিলেন। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয় লোকজনের ধারণা, পূর্বশত্রুতা কিংবা অন্য কোনো বিরোধের জেরে এই অতর্কিত হামলা চালানো হতে পারে। হামলার সময় দুর্বৃত্তরা তাকে এলোপাথারি কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে কুমিল্লা ট্রমা হাসপাতালে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, এ ঘটনায় পুলিশের একাধিক টিম কাজ করছে।