তাছকিয়া রহমান প্রতিভা, দেবীদ্বার:
আগামী ৪ ডিসেম্বর দেবীদ্বার হানাদার মুক্ত দিবস, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে কুমিল্লার দেবীদ্বার উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমার সভাপতিত্বে সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
দিবস তিনটি সুষ্ঠু, সুন্দর ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে—৪ ডিসেম্বর দেবীদ্বার হানাদার মুক্ত দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা, মুক্তিযোদ্ধা চত্বর ও গণকবরে পুষ্পস্তবক অর্পণ এবং আলোচনা সভা। এছাড়া ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে বিশেষ দোয়া ও আলোচনা সভা এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তোপধ্বনি, মুক্তিযোদ্ধা চত্বর ও গণকবরে পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধভিত্তিক রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা বলেন, “মহান মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এবং দিবসগুলো যথাযোগ্য মর্যাদায় উদযাপন করতে প্রশাসন, মুক্তিযোদ্ধা ও সর্বস্তরের জনগণের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।” এ সময় তিনি গৃহীত কর্মসূচিগুলো সফলভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট উপ-কমিটিগুলোকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) চৌধুরী বিশ্বনাথ আনন্দ, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রৌফ মুন্সী, উপজেলা কৃষি কর্মকর্তা বানিন রায়, মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক ও সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া বেগম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমিল্লা উত্তর জেলা সেক্রেটারি ও সাবেক ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম শহীদ, উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ জসিম উদ্দিন, পৌর বিএনপির সদস্য সচিব মোঃ আনোয়ার হোসেন পাঠান ভুলু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ময়নাল হোসেন (ভিপি), নাগরিক পার্টি (এনসিপি) উপজেলা আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মাসুদ প্রমুখ।