কুবিতে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা

রাহাদুল ইসলাম সুজন, কুবি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় বিশ্ববিদ্যালয়ের পক্ষে মামলাটি করেন ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ ছাদেক হোসেন মজুমদার।

মামলার এজাহারে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাপ্রহরী, আনসার সদস্য ও আহত পথচারীসহ মোট সাতজনকে সাক্ষী করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক ৭টা ৫০ মিনিটে সদর দক্ষিণ মডেল থানাধীন কুসিকের ২৪ নম্বর ওয়ার্ডের সালমানপুর এলাকায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এজাহারে আরও উল্লেখ করা হয়, বিস্ফোরণের পর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য ও অন্যান্য নিরাপত্তাকর্মীরা আশপাশে খোঁজাখুঁজি করেও জড়িত কাউকে শনাক্ত করতে পারেননি। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরিত ককটেলের অবশিষ্টাংশ জব্দ করে।

মামলার বাদী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ ছাদেক হোসেন মজুমদার বলেন, ‘আমরা এ ঘটনায় মামলা দায়ের করেছি। বর্তমানে তদন্তকারী কর্মকর্তা ও পুলিশ বিষয়টি তদন্ত করছেন।’

উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী সানজিদা হামিম এবং স্থানীয় এক অটোরিকশাচালক আহত হন।