প্রেমের টানে দেবিদ্বারে চীনা যুবক, বিয়ের স্বপ্ন ভেঙে ফিরলেন হতাশা নিয়ে!

পারভেজ সরকার, দেবিদ্বার:

সামাজিক যোগাযোগমাধ্যম উইচ্যাটে পরিচয়, এরপর তিন মাসের প্রেম। সেই প্রেমের টানে সুদূর চীন থেকে এক মাসের ভিজিট ভিসায় বাংলাদেশের কুমিল্লার দেবিদ্বার উপজেলার সুলতানপুরে ছুটে এলেন এক চীনা যুবক। স্বপ্ন ছিল প্রেমিকাকে বিয়ে করে নতুন জীবন শুরু করার। কিন্তু প্রেমিকার পরিবারের আপত্তি ও স্থানীয়দের অসম্মতিতে শেষ পর্যন্ত বিয়ের স্বপ্ন পূরণ হলো না। ফিরতে হলো হতাশা নিয়ে।

চীনা ওই নাগরিকের নাম মো জিয়াকিয়ান (MO JIAQIAN)। পাসপোর্ট অনুযায়ী তার জন্ম ১৭ মার্চ ১৯৯২। তিনি চীনের গুয়াংডং প্রদেশের বাসিন্দা। নিজ দেশে একটি রেস্তোরাঁয় শেফ হিসেবে কাজ করেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উইচ্যাটে পরিচয়ের পর দেবিদ্বারের সুলতানপুর এলাকার এক তরুণীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় তিন মাসের সম্পর্কের পর বিয়ের উদ্দেশ্যে বাংলাদেশে আসেন ওই যুবক। তরুণী বিয়েতে সম্মতি দিলেও তার পরিবার ও এলাকাবাসী এ বিয়েতে রাজি হননি। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পরিস্থিতি বিবেচনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পরামর্শে দেবিদ্বার থানা পুলিশের দুই কর্মকর্তা ও স্থানীয় এলাকাবাসী ওই চীনা নাগরিকের সঙ্গে কথা বলেন। তাকে আপাতত নিজ দেশে ফিরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। পরে নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে তাকে কুমিল্লা শহরের একটি হোটেলে নিরাপদে পৌঁছে দেওয়া হয়।

এ সময় তাকে জানানো হয়, ভবিষ্যতে বাংলাদেশে বিয়ে করতে চাইলে নিজ দেশের দূতাবাস ও পরিবারের প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী বিয়ের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সে অনুযায়ী প্রয়োজনীয় ভিসা প্রক্রিয়া সম্পন্ন করে পুনরায় বাংলাদেশে আসার পরামর্শ দেওয়া হয়। মুসলিম রীতিতে বিয়ে করতে চাইলে সংশ্লিষ্ট ধর্মীয় ও আইনগত বিধিবিধান অনুসরণের বিষয়টিও তাকে জানানো হয়।

সংশ্লিষ্টরা জানান, ওই ব্যক্তির চীনা নাগরিকত্ব নিশ্চিত করতে তার পাসপোর্টসহ অন্যান্য তথ্য সংগ্রহ করা হয়েছে।

 

অনলাইন প্রেম ও সচেতনতার প্রশ্ন

এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে অপরিচিত ব্যক্তির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে সতর্কতার বিষয়টি সামনে এনেছে। অনলাইন পরিচয় থেকে আবেগের সম্পর্ক তৈরি হলেও জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে উভয় পক্ষের পরিচয়, পারিবারিক অবস্থা ও বাস্তবতা যাচাই করা জরুরি। বিশেষ করে কিশোর-কিশোরীদের অনলাইন যোগাযোগের ক্ষেত্রে পরিবারের সচেতন ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিন মাসের প্রেমের টানে চীন থেকে দেবিদ্বারে আসা ওই যুবকের বিয়ের স্বপ্ন আপাতত অধরাই থেকে গেল।