কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিভিন্ন সময়ে পদধারী ১২ কর্মকর্তা-কর্মচারীকে পদোন্নতি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ২৮ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ১১২তম সিন্ডিকেট সভায় তাঁদের পদোন্নতি পাচ্ছেন বলে জানা যায়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, পদোন্নতির প্রস্তাবিত তালিকায় থাকা প্রথম ১১ জন বর্তমানে বিশ্ববিদ্যালয়ে সেকশন অফিসার হিসেবে কর্মরত আছেন। তাঁদের ৯ম গ্রেড থেকে ৭ম গ্রেডের সহকারী রেজিস্ট্রার পদে পদোন্নতি দেওয়ার প্রস্তাব করা হয়েছে। অপর একজন কম্পিউটার অপারেটর পদ থেকে অ্যাকাউন্টস অফিসার পদে পদোন্নতি পাবেন।
পদোন্নতির প্রস্তাবিত তালিকায় রয়েছেন—নূর মোহাম্মদ জিসান, জাহিদুল আলম জুয়েল, আতিকুর রহমান, মো. আবু বক্কর, মাসুদুর রহমান, তানভীর রানা, মো. ওমর ফারুক মামুন, ছালেহ আহমেদ মামুন, মোহাম্মদ ময়নাল হোসেন, মোহাম্মদ জাকির হোসেন চৌধুরী, নাজিম উদ্দিন এনায়েত ও ফখরুল।
বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, তালিকায় থাকা কয়েকজনের নিয়োগ নিয়ে এর আগে আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পাওয়ার অভিযোগ উঠেছিল। তাঁদের পদোন্নতির উদ্যোগ নিয়েও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আলোচনা তৈরি হয়েছে।
আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য সিন্ডিকেট সভায় পদোন্নতির প্রস্তাবটি অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। সিন্ডিকেটের সিদ্ধান্তের পরই তাঁদের পদোন্নতি কার্যকর হবে।
এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ নুরুল করিম চৌধুরীর সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।