দেবিদ্বারে আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

তাছকিয়া রহমান প্রতিভা, দেবীদ্বার:

কুমিল্লার দেবীদ্বারে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করে দ্রুত বিচার আইনে মামলা দায়েরের পর শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে আদালতে পাঠিয়েছে পুলিশ।

আটক নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মো. আবুল কালাম সরকার (৫০) ৪ নম্বর সুবিল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দেবীদ্বার চানমিয়া মার্কেটের একজন হার্ডওয়্যার সামগ্রীর ব্যবসায়ী।

তিনি উপজেলার ৪ নম্বর সুবিল ইউনিয়নের বুড়িরপাড় গ্রামের পান্ডব সরকার বাড়ির ইদ্রিস সরকারের ছেলে এবং একই ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবু তাহের সরকারের ছোট ভাই।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে পুলিশের বিশেষ অভিযানে তাকে তার নিজ এলাকা বুড়িরপাড় বাজার থেকে আটক করা হয়।

গত ১৯ নভেম্বর নিষিদ্ধ সংগঠন যুবলীগের ডাকা ‘লকডাউন’ সফল করতে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২০-২৫ জনের একটি সংঘবদ্ধ দলের নেতৃত্বে ছিলেন আওয়ামী লীগ নেতা মো. আবুল কালাম সরকার।

তার নেতৃত্বে ২০-২৫ জনের সংঘবদ্ধ দলটি ১৮ নভেম্বর দিবাগত রাত সোয়া ৯টায় দেবীদ্বার উপজেলার ইউসুফপুর ইউনিয়নের সিএন্ডবি বাসস্ট্যান্ড কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের ওপর বিক্ষোভ প্রদর্শন ও টায়ার পুড়িয়ে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং নাশকতামূলক কর্মকাণ্ডে উসকানি দেয়।

আটক নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মো. আবুল কালাম সরকার ক্ষোভের সঙ্গে বলেন, আমি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক—কথা সত্য। আমি ব্যবসা করে খাই। ইউসুফপুর, শালঘর এলাকায় গত কয়েক বছরে আমার বিচরণ নেই। তারপরও নাশকতায় জড়িত থাকার বিষয়টি পুলিশের ভিডিও ফুটেজে আছি। আমার মতো অনেকেই সৌদি আরব আর কাতারে থাকলেও পুলিশের ভিডিও ফুটেজে দেবীদ্বারের রাজপথে সরকারবিরোধী ও নাশকতামূলক কর্মকাণ্ডে রয়েছে।

এ ব্যাপারে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, নিষিদ্ধ দল আওয়ামী লীগ নেতা আবুল কালাম সরকারকে সরকারবিরোধী ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়ে সাক্ষ্যপ্রমাণ ও ভিডিও ফুটেজ দেখে তাকে গ্রেপ্তার করা হয়েছে।