তাছকিয়া রহমান প্রতিভা, দেবীদ্বার:
কুমিল্লার দেবীদ্বারে ১৩ বছর বয়সী সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক মাদ্রাসাছাত্রীকে অপহরণপূর্বক প্রায় এক মাস আটকে রেখে ধর্ষণের অভিযোগে সাকিব আহাম্মেদ নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
আটক যুবক সাকিব আহাম্মেদ (২৭), দেবীদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের গাংচর গ্রামের (দক্ষিণ পাড়া- ছামার বাড়ি)’র মনু মিয়ার ছেলে।
ভুক্তভোগী কিশোরী মুরাদনগর উপজেলার গান্দ্রা জুলেখা মহিলা মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী।
শুক্রবার দুপুরে আটক অভিযুক্ত সাকিব আহাম্মেদকে কুমিল্লা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষা শেষে ম্যাজিস্ট্রেটের নিকট নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ২২ ধারায় জবানবন্দি রেকর্ড করা হয়।
গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টায় দেবীদ্বার থানার উপপরিদর্শক (এসআই) তানভির হাসানের নেতৃত্বে একদল পুলিশ কুমিল্লা কোতোয়ালি থানা পুলিশের সহায়তায় কোতোয়ালি থানার নূরপুর দক্ষিণ পাড়া এলাকার তাহমিনা আক্তারের বাড়ির নিচতলা থেকে সাকিব আহাম্মেদ (২৭)-কে আটক করে। একই সঙ্গে ভুক্তভোগীকে (১৩ বছর ১ মাস) উদ্ধার করা হয়।
ভুক্তভোগীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় সাকিব আহাম্মেদ ও তার খালা রেখা বেগম (৪৫)-কে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেন।
তিনি তার মামলার বিবরণীতে উল্লেখ করেন, তার নাবালিকা মেয়ে (১৩ বছর ১ মাস) গান্দ্রা জুলেখা মহিলা মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী। গত ২৯ অক্টোবর সকাল অনুমান ১০টার সময় তার বান্ধবীর সঙ্গে দেখা করার জন্য দেবীদ্বার উপজেলার চাটুলী গ্রামের ঈদগাহ মাঠের দক্ষিণ পার্শ্বে রাস্তার ওপর পৌঁছালে, আগে থেকে ওত পেতে থাকা সাকিব ও অপর আসামি তার খালা রেখা এবং অজ্ঞাতনামা আসামিদের সহায়তায় তার নাবালিকা মেয়েকে রাস্তা থেকে জোরপূর্বক অপহরণ করে প্রাইভেট কারযোগে তুলে নিয়ে যায়। ঘটনার পর থেকে পরিবারের লোকজন আত্মীয়-স্বজনসহ বহু জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে থানায় মামলা দায়ের করেন।
ভুক্তভোগীর মা আরও জানান, আমার মেয়েকে অপহরণ করে সাকিব কুমিল্লায় একটি ভাড়া বাসায় রেখে এক মাস ধরে নির্যাতন করে আসছিল।
এ ব্যাপারে আটক সাকিব আহাম্মেদের মা জানান, আমি যতদূর জেনেছি তাদের প্রেমের সম্পর্কের বিয়ে হয়। বয়স কম হওয়ায় মেয়েকে অনেক বুঝিয়েও বাড়িতে পাঠাতে পারিনি। বয়স হলে পারিবারিকভাবে বিয়ে করিয়ে ঘরে তুলে আনার কথা বলি। মেয়েটি কোনোভাবেই মানাতে পারেনি। এখন শুনি আমার ছেলের বিরুদ্ধে অপহরণ মামলা হয়েছে।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, ভুক্তভোগীর মায়ের অভিযোগের ভিত্তিতে অপহরণ মামলা দায়ের করি। মেয়েটি নাবালিকা। অভিযুক্তকে আটক ও ভুক্তভোগীকে উদ্ধার করে আদালতে পাঠিয়েছি।