ডেস্ক রিপোর্ট:
ভারতের সীমান্ত এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা অবস্থান করছেন—এমন খবরের পর কুমিল্লার বিবিরবাজার সীমান্তে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিএনপি। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, কর্মসূচি চলাকালে সীমান্ত এলাকায় বিএনপির নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে মহড়া দেন। এ সময় সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), এসআরবি ও পুলিশের সদস্যদের সতর্ক অবস্থানে দেখা যায় এবং বিবিরবাজার স্থলবন্দরের বিপরীতে ভারতীয় সীমান্তেও সতর্ক অবস্থানে ছিল সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে সীমান্তের ওপারে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী অবস্থান করছেন কি না, তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।
বিক্ষোভস্থলে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগের সদস্যরা বাংলাদেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। ইতিমধ্যে আমরা খবর পেয়েছি, তাদের কেউ কেউ সীমান্তের ওপারে ঘোরাফেরা করছেন। এ কারণে আমরা প্রতিবাদ জানাতে এখানে এসেছি। কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কেউ যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে জন্য কুমিল্লার সব সীমান্ত এলাকায় স্থানীয় বাসিন্দাদের নিয়ে সতর্ক অবস্থানে রয়েছি।’
আগামী ডিসেম্বর মাসজুড়ে এ কর্মসূচি চলবে উল্লেখ করে ওয়াসিম বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে সীমান্তে নজরদারি রাখার আহ্বান জানান।
কর্মসূচি চলাকালে বিএনপি নেতারা বিবিরবাজার স্থলবন্দরে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সীমান্তের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কথা বলেন। এ সময় বিজিবি ও এসআরবি সদস্যদের পাশাপাশি কুমিল্লা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী ও কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ারসহ পুলিশের বিপুলসংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।
এ বিষয়ে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফর রহমান জানান, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে সীমান্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত টহল চলছে। তবে সীমান্তের ওপারে নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো নেতাকর্মী এসেছেন—এমন কোনো তথ্য পুলিশের কাছে নেই।
রাত সাড়ে ৭টার দিকে কুমিল্লা ১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ জানান, ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকায় বিজিবির অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে বুধবার দুপুরে আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে সাত থেকে আট সদস্যের একটি প্রতিনিধিদল ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় পৌঁছায় এবং বিকেলে আগরতলা স্থলবন্দর পরিদর্শন করে। এ খবর ছড়িয়ে পড়লে বিকেল ৪টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরেও প্রতিবাদ ও বিক্ষোভ করেন বিএনপির নেতাকর্মীরা।