‘প্রাণিসম্পদ খাত পুষ্টি নিরাপত্তা, বেকারত্ব দূর, গ্রামীণ অর্থনীতি সচল রেখেছে’ –ইউএনও অশোক বিক্রম চাকমা
তাছকিয়া রহমান প্রতিভা, দেবীদ্বার:
কুমিল্লার দেবীদ্বারে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় “রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ—সবার আগে বাংলাদেশ”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা।
পরে একটি র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল আলীমের সভাপতিত্বে এবং ডা. তারেক আজিজের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মো. জাহাঙ্গীর।
অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মো. হারুন-অর-রশিদ, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার, খামারি আবু মুছা মেম্বার, মো. আব্দুল করিম, আখী আক্তার প্রমুখ।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল আলীম তাঁর স্বাগত বক্তব্যে দেবীদ্বারের খামারের পরিসংখ্যান তুলে ধরতে গিয়ে বলেন, দেবীদ্বারে শুধুমাত্র নিবন্ধিত ডেইরি ফার্ম রয়েছে ২৭টি, এগুলোতে গবাদিপশু রয়েছে ৮৬ হাজার ৯৯৪টি। ৪৬টি নিবন্ধিত পোল্ট্রি খামারে মোরগ রয়েছে ৯ লাখ ৪৯ হাজার এবং হাঁস রয়েছে ১ লাখ ৪৫ হাজার।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা বলেন, বাংলাদেশের কৃষিভিত্তিক অর্থনীতি, পুষ্টি নিরাপত্তা এবং গ্রামীণ কর্মসংস্থানের অন্যতম প্রধান চালিকাশক্তি হলো আমাদের প্রাণিসম্পদ খাত। দেশের মানুষের প্রাণিজ আমিষ অর্থাৎ দুধ, ডিম ও মাংসের চাহিদা পূরণে এই খাত নীরব বিপ্লব ঘটিয়েছে।
তিনি বলেন, শুধু পুষ্টি জোগান দেওয়াই নয়, বরং দারিদ্র্য বিমোচন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন এবং তরুণ উদ্যোক্তা তৈরিতে প্রাণিসম্পদ খাতের ভূমিকা অনস্বীকার্য। বর্তমানে আমাদের লক্ষ্য কেবল অভ্যন্তরীণ চাহিদা পূরণে সীমাবদ্ধ নয়; বরং আধুনিক প্রযুক্তি, উন্নত জাত উদ্ভাবন, রোগ নিয়ন্ত্রণ এবং নিরাপদ খাদ্য ব্যবস্থাপনার মাধ্যমে এই খাতকে একটি শক্তিশালী রপ্তানিমুখী শিল্পে রূপান্তর করা। আন্তর্জাতিক মানসম্পন্ন হালাল মাংস, দুগ্ধজাত পণ্য, পোলট্রি এবং চামড়াজাত পণ্য রপ্তানির মাধ্যমে আমরা বৈদেশিক মুদ্রা অর্জনের নতুন দিগন্ত উন্মোচন করতে যাচ্ছি। তবে এ ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ব্যবহারে সতর্ক থাকতে হবে, দীর্ঘমেয়াদি ব্যবহারে মাংস ভক্ষণকারী মানুষের যেন ক্ষতি না হয়।