‘সুশিক্ষা ও নৈতিক মূল্যবোধ অর্জনে শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে’ – মো. আব্দুস সবুর

তাছকিয়া রহমান প্রতিভা, দেবীদ্বার:

কুমিল্লার দেবীদ্বারে এ. কে. এম. ফজলুল হোসেন মেমোরিয়াল একাডেমীর উদ্যোগে এক উৎসবমুখর পরিবেশে অভিভাবক সমাবেশ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সকালে দেবীদ্বার পোস্ট অফিস পাড়ায় ওই বিদ্যালয় মাঠে অভিভাবক সমাবেশ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

এতে বিদ্যালয়ের অধ্যক্ষ ও সৈয়দাবাদ সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক কিশোর সূত্রধরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন দেবীদ্বার রেয়াজ উদ্দিন সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আব্দুস সবুর, বিশেষ অতিথি ছিলেন একই বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক জামাল মোহাম্মদ কবির।

অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সহ-সভাপতি মোসাম্মৎ জেসমিন ফারহানা, বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুষমা দাস, প্রসেনজিৎ সাহা প্রমুখ।

আলোচনার শেষ পর্যায়ে দেবীদ্বার এ. কে. এম. ফজলুল হোসেন মেমোরিয়াল একাডেমীর পঞ্চম শ্রেণির বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধিত করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি মো. আব্দুস সবুর বলেন, প্রিয় শিক্ষার্থীরা, তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ এবং এই প্রতিষ্ঠানের গর্ব। শুধু ভালো ফলাফল করাই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়; বরং সুশিক্ষা ও নৈতিক মূল্যবোধ অর্জনের মাধ্যমে একজন আদর্শ মানুষ হয়ে গড়ে ওঠাই তোমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। নিয়মিত পড়াশোনা, শিক্ষকদের প্রতি শ্রদ্ধা এবং শৃঙ্খলার মাধ্যমে তোমরা একদিন দেশ ও দশের মুখ উজ্জ্বল করবে—এই বিশ্বাস আমি রাখি।

বিশেষ অতিথি জামাল মোহাম্মদ কবির অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, সম্মানিত অভিভাবকবৃন্দ, সন্তানদের সুপ্ত প্রতিভা বিকাশে আপনাদের ভূমিকা অপরিসীম। স্কুলের শিক্ষকদের পাশাপাশি আপনারাও যদি সন্তানদের পড়াশোনা ও মানসিক বিকাশের প্রতি যত্নশীল হন, তবেই আমাদের এই যৌথ প্রচেষ্টা সফল হবে।

অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক মোহাম্মদ জাকির হোসেন বলেন, দেবীদ্বারের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ এ,কে,এম ফজলুল হোসেন মেমোরিয়াল একাডেমীর আজ অত্যন্ত আনন্দঘন ও আবেগাপ্লুত পরিবেশে অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ এবং পঞ্চম শ্রেণির বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান। আজকের এ আয়োজনে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠন ও শিক্ষার মানোন্নয়নে সম্মানিত অভিভাবক ও শিক্ষকদের সুচিন্তিত মতবিনিময় অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তুলেছে। পাশাপাশি, বিদায়ী শিক্ষার্থীদের আগামী দিনের পথচলার জন্য রইল অশেষ দোয়া ও শুভকামনা। তোমাদের সাফল্যেই আমাদের গৌরব।