দাউদকান্দিতে লালনের অনুসারীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে মানববন্ধন 

আহনাফ তিহামী, দাউদকান্দি প্রতিনিধি:

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুরে লালনের অনুসারীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে মানববন্ধন করেছেন ধর্মপ্রাণ তৌহিদী জনতা ও নাস্তিক-মুরতাদ প্রতিরোধ কমিটির নেতাকর্মীরা। বুধবার (২১ অক্টোবর) দুপুর ১২টার দিকে গৌরীপুর-হোমনা সড়কের শাপলা হাসপাতালের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

লালনের অনুসারীরা কাফের, রাষ্ট্রীয়ভাবে ঘোষণা কর লালনবাদীদের অমুসলিম ঘোষণা করতে হবে এমন বিভিন্ন স্লোগান দেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা। এতে স্থানীয় বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী ও ধর্মীয় ব্যক্তিরা অংশ নেন।

মানববন্ধনে ধর্মপ্রাণ তৌহিদী জনতা ও নাস্তিক-মুরতাদ প্রতিরোধ কমিটির সভাপতি, মুফতি মো. এনামুল হক হাক্কানী বলেন, লালনের অনুসারীদের কর্মকাণ্ড ও মতাদর্শ নিয়ে আমাদের আপত্তি রয়েছে। তাঁদের অনুসারীদের কেউ কেউ ইসলামের মৌলিক বিধিবিধান অনুসরণ করেন না বলে আমাদের অভিযোগ। তাই তাঁদের ধর্মীয় পরিচয় সম্পর্কে রাষ্ট্রীয়ভাবে স্পষ্ট অবস্থান নেওয়া প্রয়োজন।

তিনি আরও বলেন, সংস্কৃতিচর্চার নামে ধর্মীয় বিশ্বাস ও ইসলামের বিধিবিধান নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

লালনের অনুসারীরা অবলীলায় সরকারি অনুমোদনে ও সরকারি পৃষ্ঠপোষকতায় এ দেশের মানুষকে সাধু বানানোর নামে অমুসলিম বানানোর, ঈমানহারা করার একটা পাঁয়তারা চালাচ্ছে। লালনের অনুসারীদের বিভিন্ন মেলা ও সমাবেশে মাদকদ্রব্যের ব্যবহার হয়ে থাকলে তা বন্ধে প্রশাসনকে কার্যকর ব্যবস্থা নিতে হবে। দেশে মাদকদ্রব্যের ব্যবহার ও বিক্রি নিষিদ্ধ হলে এসব আয়োজনেও আইন সমানভাবে প্রয়োগ করতে হবে।

মানববন্ধনে বক্তারা লালনের দর্শন ও তাঁর অনুসারীদের ধর্মীয় পরিচয় নিয়ে প্রশ্ন তোলেন। তাঁরা দাবি করেন, লালনের অনুসারীদের কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষের মধ্যে ধর্মীয় বিভ্রান্তি তৈরি হচ্ছে। লালন কোন ধর্মের সে নিজেও জানে না যারা লালন কে অনুসরণ করে তারা কাফের তাই তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হোক।

বক্তারা আরও বলেন, ধর্মীয় বিশ্বাস ও মতাদর্শ নিয়ে বিতর্ক থাকলেও তা নিরসনে আইনানুগ ও শান্তিপূর্ণ পন্থা অনুসরণ করা প্রয়োজন। একই সঙ্গে মাদকদ্রব্যের ব্যবহার, জুয়া কিংবা অন্য কোনো বেআইনি কর্মকাণ্ডের অভিযোগ থাকলে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন নুরুল হুদা আনসারি, মাওলানা এজহার, মাওলানা ইব্রাহিম, আবু মুছা, জাহাঙ্গীর আলমসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।

মানববন্ধন থেকে লালনের অনুসারীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা। এ সময় বক্তারা তাঁদের দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দেন। তাঁরা বলেন, ধর্মীয় মূল্যবোধ ও ইসলামের শিক্ষা রক্ষায় তাঁরা শান্তিপূর্ণভাবে তাঁদের দাবি অব্যাহত রাখবেন।

এ বিষয়ে লালন অনুসারীদের কারো বক্তব্য পাওয়া যায়নি।