বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার জাপানের প্রধানমন্ত্রীর

ডেস্ক রিপোর্ট।।

বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার এবং বিভিন্ন ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার করেছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। বঙ্গোপসাগরকে কেন্দ্র করে সহযোগিতা বাড়ানোসহ বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও গভীর করতে আগ্রহ প্রকাশ করেছে জাপান।

মঙ্গলবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় ‘কান্তেই’তে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দুই দেশের সরকারপ্রধান।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেন, বাংলাদেশকে গভীরভাবে সমর্থন করে জাপান। বঙ্গোপসাগরকে ঘিরে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে টোকিও আগ্রহী।

বৈঠকে দুই দেশের কৌশলগত অংশীদারত্ব শক্তিশালী করা, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ও জাপানের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন ও অবকাঠামো নির্মাণে জাপানের দীর্ঘদিনের অবদানের কথাও তুলে ধরেন তিনি।

বৈঠকে জ্বালানি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, শিল্পায়ন, প্রযুক্তি হস্তান্তর এবং কর্মসংস্থান সৃষ্টির মতো বিষয়গুলো গুরুত্ব পায়। বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের অবকাঠামো, বিদ্যুৎ উৎপাদন ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান তারেক রহমান।

এ ছাড়া বাংলাদেশের ছয়টি প্রধান বিভাগীয় শহরকে যুক্ত করে দ্রুতগতির রেল নেটওয়ার্ক এবং দেশজুড়ে উড়াল সড়ক নির্মাণের পরিকল্পনার কথা তুলে ধরে এসব প্রকল্পে জাপানের কারিগরি ও আর্থিক সহযোগিতা চান তিনি।

প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়ে তুলতে বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাবও দেন প্রধানমন্ত্রী। সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্লাউড কম্পিউটিং, রোবোটিকস ও ইলেকট্রনিকস উৎপাদনের মতো খাতকে অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি।

দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক আরও সম্প্রসারণ এবং বিনিয়োগের সুযোগ কাজে লাগাতে মন্ত্রীপর্যায়ের একটি যৌথ কমিশন গঠনের প্রস্তাবও দেন তারেক রহমান। একই সঙ্গে বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি দ্রুত কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা, আন্তর্জাতিক শান্তি এবং মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সংকট নিয়েও আলোচনা হয়। রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে জাপানের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী।

চার দিনের সরকারি সফরে সোমবার জাপানের রাজধানী টোকিও পৌঁছান তারেক রহমান। সফরে দুই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের পাশাপাশি জাপানি ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠকের কর্মসূচিও রয়েছে।