পারভেজ সরকার:
কুমিল্লার দেবিদ্বারে অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে গভীর রাতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় মাটি উত্তোলনে ব্যবহৃত দুটি ড্রেজার ও প্রায় এক হাজার ফুট পাইপ বিনষ্ট করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলার সুবিল ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের রাঘবপুর এলাকায় চারুর বাড়ির পাশে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ওই এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলনে ব্যবহৃত দুটি ড্রেজার শনাক্ত করে সেগুলো বিনষ্ট করা হয়। একই সঙ্গে ড্রেজারের সঙ্গে ব্যবহৃত প্রায় এক হাজার ফুট পাইপও বিনষ্ট করা হয়। অবৈধভাবে মাটি উত্তোলন বন্ধ এবং কৃষিজমি ও পরিবেশের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়।
অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের ফলে কৃষিজমির শ্রেণি ও ভূমির স্বাভাবিক গঠন ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা থাকে। এ কারণে কৃষিজমি, ফসলি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ মাটি উত্তোলন প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষিজমি, ফসলি জমি ও পরিবেশের সুরক্ষা নিশ্চিত করতে অবৈধভাবে মাটি উত্তোলন এবং ড্রেজার ব্যবহারের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।