পারভেজ সরকার, দেবিদ্বার।।
কুমিল্লার দেবিদ্বার পৌরসভার নিউ মার্কেট এলাকায় ফুটপাত দখল করে ডিম বিক্রির মাধ্যমে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে দুই ডিম ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৬ অক্টোবর) দেবিদ্বার পৌরসভার নিউ মার্কেট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা এবং জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টির অপরাধে দুই ব্যবসায়ীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়। প্রতিটি মামলায় ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন।
জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এবং ফুটপাত দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান পরিচালনা করা হয়।