ডেস্ক রিপোর্ট।।
কুমিল্লার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকে সিএনজিচালিত অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর অটোরিকশাটিতে আগুন ধরে সেটি সম্পূর্ণ পুড়ে যায়।
দগ্ধ ব্যক্তিরা হলেন পাঁচ বছর বয়সী শিশু মুনিয়া, মো. বিল্লাল হোসেন (৮০), ইয়াসমিন (৩০), অটোরিকশাচালক আলম (৪০) ও আয়েশা বেগম (৬০)। তাঁদের সবার বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার এলাকায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার অসুস্থ শিশু মুনিয়াকে চিকিৎসার জন্য কচুয়া থেকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্বজনেরা। চিকিৎসা শেষে সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি ফেরার সময় হাসপাতালের প্রধান ফটকে পৌঁছালে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়।
এতে অটোরিকশাটিতে আগুন ধরে যায় এবং চালকসহ পাঁচজন দগ্ধ হন। খবর পেয়ে দাউদকান্দি ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
দগ্ধ পাঁচজনের মধ্যে শিশু মুনিয়া ও মো. বিল্লাল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। অন্য তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান জানান, দগ্ধ পাঁচজনের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। বাকি তিনজন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।