‘তৃতীয় লিঙ্গ’ বলতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে ‘ট্রান্সজেন্ডার’ বলেছি: শিক্ষামন্ত্রী

ডেস্ক রিপোর্ট।।

সম্প্রতি এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় ‘তৃতীয় লিঙ্গ’ বলতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে ‘ট্রান্সজেন্ডার’ শব্দটি ব্যবহার করেছেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শুক্রবার (৩০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজের বক্তব্যের ব্যাখ্যা দেন তিনি।

পোস্টে শিক্ষামন্ত্রী বলেন, সেদিনের অনুষ্ঠানে তৃতীয় লিঙ্গের একজন শিক্ষার্থী ডিগ্রি অর্জন করেন। তাঁর এই অর্জনকে স্বাগত জানিয়ে তৃতীয় লিঙ্গের মানুষের শিক্ষায় অংশগ্রহণকে উৎসাহিত করার প্রসঙ্গেই তিনি কথা বলেছিলেন।

তিনি আরও বলেন, সমাজে তৃতীয় লিঙ্গের অনেক মানুষ অবহেলা, বঞ্চনা ও নেতিবাচক দৃষ্টিভঙ্গির মুখোমুখি হন। এসব বাধা পেরিয়ে তাঁদের শিক্ষায় এগিয়ে আসার বিষয়টিই ছিল তাঁর বক্তব্যের মূল উদ্দেশ্য।

শিক্ষামন্ত্রী লেখেন, ‘বক্তব্যের সময় “তৃতীয় লিঙ্গ” বলতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে “ট্রান্সজেন্ডার” শব্দটি ব্যবহার করেছি। এখানে আমার অভিপ্রেত শব্দ ছিল “তৃতীয় লিঙ্গ”।’

উল্লেখ্য, গত বুধবার (২৮ অক্টোবর) বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শব্দটি ব্যবহার করে সমালোচনার মুখে পড়েন শিক্ষামন্ত্রী।