ডেস্ক রিপোর্ট।।
২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হয়েছে আজ রোববার (১ নভেম্বর)। আবেদন করা যাবে আগামী ৭ নভেম্বর পর্যন্ত।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ফল পুনর্নিরীক্ষণের জন্য শিক্ষার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে। ওয়েবসাইটটি হলো: https:// rescrutiny.eduboardresults.gov.bd
ওয়েবসাইটে প্রবেশের পর শিক্ষার্থীদের রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। এরপর বোর্ড নির্বাচন করে ‘সাবমিট’ বাটনে ক্লিক করতে হবে। পরবর্তী ধাপে মোবাইল নম্বর দিয়ে পুনর্নিরীক্ষণের জন্য কাঙ্ক্ষিত বিষয় নির্বাচন করতে হবে।
পুনর্নিরীক্ষণের জন্য প্রতিটি পত্রে ১৫০ টাকা করে ফি দিতে হবে। দ্বিপত্রবিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের জন্য আবেদন করতে হবে।
বিকাশ, নগদ, ডাচ্-বাংলা ব্যাংকের রকেট, উপায় ও সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধ করা যাবে। ফি পরিশোধের পর আবেদন পোর্টালে ফিরে ‘জমা দিন’ বাটনে ক্লিক করে আবেদন সম্পন্ন করতে হবে।
একবার আবেদন জমা দেওয়ার পর নতুন কোনো বিষয় যুক্ত করতে চাইলে একই পদ্ধতিতে আবেদন করা যাবে। তবে নতুন করে মোবাইল নম্বর দেওয়ার প্রয়োজন হবে না।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফি পরিশোধের আগে আবেদন পরিবর্তন বা পরিমার্জন করা যাবে। এ জন্য ‘মুছে ফেলুন’ অপশন ব্যবহার করে নির্বাচিত বিষয় বাদ দিয়ে নতুন বিষয় নির্বাচন করা যাবে।
তবে একবার ফি জমা দেওয়ার পর নির্বাচিত বিষয় বাতিল করা যাবে না। কোনো অবস্থাতেই পরিশোধিত ফি ফেরত দেওয়া হবে না।
এ ছাড়া ম্যানুয়ালি কোনো আবেদন গ্রহণ করা হবে না। তাই নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন ও ফি পরিশোধ করতে হবে।