মেঘনা প্রতিনিধি:
কুমিল্লার মেঘনা উপজেলার চন্দনপুর ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘চন্দনপুর ফ্রিজ কাপ ক্রিকেট টুর্নামেন্ট সিজন-১’-এর ফাইনাল ম্যাচ। শনিবার সকালে চন্দনপুর মনির আহমদ উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
চন্দনপুর নবজাগরণ যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় মেঘনা উপজেলার চন্দনপুর ওয়ারিয়র্স এবং আড়াইহাজার উপজেলার কদমিরচর রাইটার্স। উত্তেজনাপূর্ণ এ খেলায় চন্দনপুর ওয়ারিয়র্সকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কদমিরচর রাইটার্স।
তরুণ সমাজকে খেলাধুলামুখী রাখা এবং বিনোদনের সুস্থ পরিবেশ তৈরির লক্ষ্যে এ আয়োজন করে চন্দনপুর নবজাগরণ যুব সংঘ।
খেলা শেষে আয়োজক সংগঠনের পক্ষ থেকে বিজয়ী দলের হাতে আকর্ষণীয় পুরস্কার হিসেবে একটি ফ্রিজ ও ট্রফি তুলে দেওয়া হয়।
আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ জানান, এলাকার যুবসমাজকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলায় সম্পৃক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।