পারভেজ সরকার, দেবিদ্বার।।
কুমিল্লার দেবিদ্বারে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক সেবনের দায়ে দুই ব্যক্তিকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৮ নভেম্বর) উপজেলার বরকামতা ইউনিয়নের বাগুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন।
অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লার পরিদর্শক মো. সাইফুল ইসলাম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদক সেবনের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দুই ব্যক্তিকে পৃথক মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন, দেবিদ্বার উপজেলার বাগুর গ্রামের ময়নাল হোসেনের ছেলে মো. বিল্লাল হোসেন (৪৩), তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অপরজন কুমিল্লার চান্দিনা উপজেলার মহারং গ্রামের মৃত শহিদের ছেলে মো. হানিফ (২৭), তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মাদকমুক্ত সমাজ গঠন এবং মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।