দেবিদ্বারে কৃষি ব্যাংকে প্রকাশ্যে ধুমপানের ভিডিও ভাইরাল, বিতর্কে শাখা ব্যবস্থাপক

পারভেজ সরকার, দেবিদ্বার।।

বাংলাদেশ কৃষি ব্যাংক দেবিদ্বার শাখার ব্যবস্থাপক মোঃ মাহবুব আলম ব্যাংকের অফিস কক্ষে বসে প্রকাশ্যে ধূমপান করা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। রোববার (২২ নভেম্বর) দুপুরে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ এবং ২০১৩ সালের সংশোধনী অনুযায়ী অফিস-আদালত ও জনবহুল স্থানে ধূমপান দণ্ডনীয় অপরাধ। এতে জরিমানা ও শাস্তির বিধান থাকলেও ওই কর্মকর্তা নির্দ্বিধায় ব্যাংকের অফিস কক্ষে বসে ধূমপান চালিয়ে যাওয়ায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ব্যাংকের একাধিক গ্রাহক অভিযোগ করে বলেন, ব্যাংকে সেবা গ্রহীতাদের বসিয়ে রেখে দায়িত্বরত অবস্থায় সিগারেট নিয়ে ব্যস্ত থাকেন মোঃ মাহবুবুর আলম। এতে ধোঁয়ায় ব্যাংকের ভেতরের পরিবেশ নষ্ট হচ্ছে। বিব্রতকর অবস্থায় পড়েন ব্যাংকে আসা লোকজন। সরকারি ব্যাংকের দায়িত্বশীল কর্মকর্তা হয়ে প্রকাশ্যে আইন অমান্য করে এমন কাজে লিপ্ত থাকায় তার বিরুদ্ধে শাস্তির দাবি জানিয়েছেন গ্রাহকরা।

অভিযুক্ত বাংলাদেশ কৃষি ব্যাংক দেবিদ্বার শাখার ব্যবস্থাপক ভাইরাল হওয়া ভিডিওটি তার নয় দাবি করে বলেন, আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, তারপরও ধুমপানের বিষয়টি আমার একান্ত ব্যক্তিগত। আমি কখনো অফিসে ধুমপান করিনা।

এ ব্যাপারে বাংলাদেশ কৃষি ব্যাংকের ডিজিএম (কুমিল্লা অঞ্চল) মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ বলেন, ভিডিওটি আমি দেখেছি, প্রকাশ্যে ধুমপান করা অন্যায়, আমরা অফিসিয়ালি বিষয়টি দেখবো।