ডেস্ক রিপোর্ট।।
রাজধানীর লক্ষ্মীবাজারে কবি নজরুল সরকারি কলেজের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণে জাহাঙ্গীর আলম (৪৫) নামের ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক কর্মচারী গুরুতর আহত হয়েছেন। রোববার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
আহত জাহাঙ্গীরের বড় ভাই আলমগীর হোসেন জানান, জাহাঙ্গীর ঢাকা বিশ্ববিদ্যালয়ে মালির কাজ করেন এবং পাশাপাশি কবি নজরুল সরকারি কলেজেও খণ্ডকালীন (পার্ট-টাইম) মালির কাজ করেন। তাদের বাসা রাজধানীর লালবাগের আজিমপুর সমাজকল্যাণ গলি এলাকায়।
তিনি আরও জানান, বিকেলে কাজ শেষ করে কবি নজরুল সরকারি কলেজের প্রধান ফটকের সামনে দারোয়ানের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিলেন জাহাঙ্গীর। এ সময় হঠাৎ ওপর দিক থেকে একটি ককটেল এসে তাঁর মাথার ওপর পড়ে বিস্ফোরিত হয়। এতে তাঁর মাথা ও চোখে গুরুতর জখম হয়। তবে ককটেলটি কে বা কারা এবং কোথা থেকে নিক্ষেপ করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, আহত ওই কর্মচারীর মাথা ও বাম চোখে আঘাত লেগেছে এবং বর্তমানে জরুরি বিভাগে তাঁর চিকিৎসা চলছে।