ডেস্ক রিপোর্ট:
গোপালগঞ্জে বন্ধ থাকা ট্রেন সেবা এবং পুড়িয়ে দেওয়া টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানার কার্যক্রম শিগগির চালু হচ্ছে না। পাশাপাশি জেলাটির বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তৃতীয় কিস্তির সরকারি বরাদ্দ আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রেলপথ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ১৫ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিভিন্ন স্থাপনা ভাঙচুর ও মহড়ার দিন থেকে গোপালগঞ্জের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। নাশকতার আশঙ্কা থাকায় সরকার এখনই ট্রেন চালুর বিষয়টি ভাবছে না; পরিস্থিতি স্বাভাবিক হলে চালুর উদ্যোগ নেওয়া হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র আরও জানায়, স্থানীয় লোকজন অনুরোধ জানালেও পুড়িয়ে দেওয়া টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানার কার্যক্রম চালু করতে আরও সময় লাগবে। বর্তমানে থানা দুটির কার্যক্রম গোপালগঞ্জ সদর থানায় পরিচালনা করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে থানা দুটি সংস্কারের কাজে হাত দেবে মন্ত্রণালয়।
এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী বলেন, ট্রেন যোগাযোগ চালুর বিষয়টি রেলপথ মন্ত্রণালয় দেখবে। পুড়ে যাওয়া দুটি থানার পুলিশ সদস্যরা ওই জেলাতেই কর্মরত রয়েছেন। তবে কবে নাগাদ থানা দুটির কার্যক্রম চালু হবে, সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবির জানান, পুড়ে যাওয়া থানা দুটির সংস্কারকাজ এখনো শুরু হয়নি এবং ট্রেন সেবাও চালু হয়নি। এগুলো চালু হতে কিছুটা সময় লাগবে।
এদিকে সরকারের একাধিক সূত্র জানিয়েছে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতায় জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদে চার কিস্তিতে দেওয়া অর্থসহায়তার মধ্যে গোপালগঞ্জে তৃতীয় কিস্তির (জানুয়ারি থেকে মার্চ) বরাদ্দের অর্থ ছাড় বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।