ডেস্ক রিপোর্ট:
গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় ময়মনসিংহের এসআরবি-১৪ কার্যালয়ে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে ডিবি পুলিশের একটি দল ময়মনসিংহের এসআরবি-১৪ কার্যালয় থেকে তাঁকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার আবুল হাসান ৩৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। তাঁর বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর এলাকায়। ২০২৪ সালের ৫ আগস্টের আগে তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে তাঁকে এসআরবিতে বদলি করা হয়।
মুকসুদপুর থানা সূত্রে জানা যায়, গত ১৯ নভেম্বর ছাত্রলীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি চলাকালে মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ করা হয়, যাতে থানা ভবন পুড়ে যায়।
ঘটনার তদন্তে অগ্নিসংযোগের পরিকল্পনাকারী হিসেবে আবুল হাসানের সম্পৃক্ততার তথ্য প্রাথমিকভাবে উঠে এসেছে বলে পুলিশ জানিয়েছে। গ্রেপ্তারের আগে তাঁকে এসআরবি-১১ ও পুলিশ হেডকোয়ার্টারে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে তাঁর কথাবার্তা ও অভিব্যক্তিতে এ ঘটনায় সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়ায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।