রোমান মিয়াজী, দাউদকান্দি প্রতিনিধি
ঈদের ছুটিকে কেন্দ্র করে মাওয়া ঘাটে দিন-রাতই পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। নদীর তাজা হাওয়া, প্রাকৃতিক সৌন্দর্য আর পরিবারের সঙ্গে আনন্দঘন সময় কাটাতে দূরদূরান্ত থেকে মানুষ ভিড় করছেন এখানে।
বিশেষ করে চুই ঝাল মাংস ও ইলিশ ভাজার চাহিদা সবচেয়ে বেশি। পর্যটকদের এই বাড়তি চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে স্থানীয় রেস্টুরেন্টগুলোকে। অনেক জায়গায় দীর্ঘ সময় অপেক্ষা করেও খাবার পেতে হচ্ছে বলে জানিয়েছেন দর্শনার্থীরা।
এক পর্যটক ডা. মিলন বলেন, “মাওয়া ঘাটের পরিবেশ সত্যিই মনোমুগ্ধকর। তবে ঈদের ছুটিতে মানুষের ভিড় অনেক বেশি হওয়ায় রেস্টুরেন্টগুলোতে চাপ বেড়েছে। তারপরও পরিবার নিয়ে সময়টা উপভোগ করছি।”
এদিকে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের তৎপরতা লক্ষ্য করা গেছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করায় মানুষ নির্বিঘ্নে চলাফেরা করতে পারছেন বলে জানিয়েছেন অনেকে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, ঈদকে ঘিরে বেচাকেনা বেড়েছে কয়েকগুণ। তবে ভিড় নিয়ন্ত্রণ ও যানজট কমাতে আরও কার্যকর ব্যবস্থা নিলে পর্যটকদের ভোগান্তি কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।