কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের নতুন পরিচালক ড. আব্দুল আহাদ

‎রাহাদুল ইসলাম সুজন, কুবি।।

‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স দপ্তরের নতুন পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল আহাদ।

‎বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ নুরুল করিম চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

‎এতে বলা হয়, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক মনিরুজ্জামানের পরিবর্তে ড. আব্দুল আহাদকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। কর্তৃপক্ষের অনুমোদনক্রমে যোগদানের তারিখ থেকে তিনি এ দায়িত্ব পালন করবেন।

‎অফিস আদেশে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালকের দায়িত্ব হিসেবে দেশি-বিদেশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও সংস্থার সঙ্গে একাডেমিক সম্পর্ক স্থাপন ও নবায়ন, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং সমঝোতা স্মারক সম্পাদন ও বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা উল্লেখ করা হয়েছে।

‎এ ছাড়া বিদেশি শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য আন্তর্জাতিক সহযোগিতামূলক কার্যক্রম, বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক পরিচিতি বৃদ্ধি, আন্তর্জাতিক সম্মেলন, সেমিনার ও কর্মশালা আয়োজন এবং শিক্ষক-শিক্ষার্থী বিনিময় কার্যক্রম সম্প্রসারণের দায়িত্বও পালন করবেন তিনি।

‎ড. আব্দুল আহাদ বলেন, “আমি আমার জায়গা থেকে গবেষণা ও একাডেমিক কোলাবোরেশন কীভাবে আরও শক্তিশালী করা যায়, সে চেষ্টা করব। বিদেশি বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা বৃদ্ধি এবং ভালো জার্নালে গবেষণা প্রবন্ধ প্রকাশের বিষয়েও কাজ করতে চাই। আমাদের অনেক শিক্ষক ও শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য বিদেশে যান। আমরা চেষ্টা করব, এক্সচেঞ্জ প্রোগ্রামগুলো যেন আরও শক্তিশালীভাবে চালু করা যায়।”