গাজী রুবেল, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
কুমিল্লা–মীরপুর সড়কের চলমান সংস্কার কাজে ধীরগতির কারনে সড়কের বিভিন্ন অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে প্রতিদিন চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ যাত্রী, শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও ব্যবসায়ীরা।
সড়কের একাধিক স্থানে খোঁড়াখুঁড়ি ও নির্মাণ কাজ চলায় যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে সকাল ও বিকেলের ব্যস্ত সময়ে দীর্ঘ যানজট দেখা দিচ্ছে। এর ফলে হাসপাতাল, থানা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি দপ্তরে যাতায়াতকারী মানুষকে অতিরিক্ত দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেক ক্ষেত্রে জরুরি সেবার সঙ্গে যুক্ত যানবাহনের চলাচলেও বিলম্ব ঘটছে। এছাড়া আসন্ন নির্বাচনকে সামনে রেখে এই সড়কটি নির্বাচনকালীন সেনাবাহিনী, বিজিবিসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী ক্যাম্পসহ একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনায় যাতায়াতের প্রধান সড়ক হওয়ায় যানজট পরিস্থিতি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
এমন পরিস্থিতিতে যানজট নিয়ন্ত্রণ ও সড়কে শৃঙ্খলা বজায় রাখতে মাঠে কাজ করছেন বিএনসিসির সদস্যরা। ব্রাহ্মণপাড়া বাজার এলাকাসহ কুমিল্লা–মীরপুর সড়কের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে বিএনসিসির সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। তারা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে যানবাহন নিয়ন্ত্রণ, চলাচলের দিকনির্দেশনা প্রদান এবং পথচারী ও যাত্রীদের সহায়তা করছেন।
সড়কের যাত্রী ও স্থানীয়রা জানান, বিএনসিসি সদস্যদের এই উদ্যোগে যানজট কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছে। তারা বিএনসিসির সদস্যদের মানবিক ও দায়িত্বশীল কর্মকাণ্ডের প্রশংসা করছেন। তাদের মতে, দুর্ভোগের সময়ে মানুষের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগ মানবতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত।
সড়কের যাত্রী সামিয়া ইসলাম বলেন, “প্রতিদিনই এই সড়ক দিয়ে যাতায়াত করতে হয়। ভাঙাচুরার কারণে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে উঠেছিল। অনেক অপেক্ষার পর সংস্কার কাজ শুরু হয়েছে, তবে এর ফলে সীমাহীন যানজটের সৃষ্টি হয়। বিএনসিসি সদস্যদের সক্রিয় ভূমিকায় যানজট অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে, এতে আমাদের উপকার হচ্ছে।
সিএনজি চালক মো. সুমন মিয়া বলেন, “রাস্তার কাজ শুরু হওয়ার পর থেকে যানজটের কারণে ঘণ্টার পর ঘণ্টা সড়কে অপেক্ষা করে থাকতে হতো। অপেক্ষা করা খুব কষ্টের। তবে বিএনসিসি সদস্যদের তৎপরতায় যানজট অনেকটাই কমে গেছে। আগের তুলনায় ভোগান্তিও কমেছে।
বিএনসিসির সদস্য ফয়সাল আহমেদ বলেন, “সংস্কার কাজ চলায় সাধারণ মানুষ যানজটের দুর্ভোগে পড়ছেন। একজন বিএনসিসি সদস্য ও সচেতন নাগরিক হিসেবে মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব বলে মনে করেছি। সেই জায়গা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা স্বেচ্ছায় সড়কে যান চলাচল শৃঙ্খল রাখতে কাজ করছি। এতে যদি মানুষের কষ্ট কিছুটা হলেও কমে, সেটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। ভবিষ্যতেও যেকোনো মানবিক প্রয়োজনে বিএনসিসি সদস্যরা মানুষের পাশে থাকবে।
স্থানীয়দের মতে, বিএনসিসির সদস্যদের সক্রিয় উপস্থিতির ফলে যানজট পরিস্থিতি কিছুটা হলেও নিয়ন্ত্রণে রয়েছে। তাদের এই মানবিক ও স্বেচ্ছাসেবামূলক উদ্যোগে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরেছে। এদিকে দ্রুত সংস্কার কাজ সম্পন্ন করে সড়কে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করার পাশাপাশি গুরুত্বপূর্ণ সড়কগুলোতে আরও কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।