কুমিল্লা শিক্ষাবোর্ডে উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠান প্রধানদের ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে উচ্চ মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠান প্রধানদের ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে শিক্ষাবোর্ডের সভাকক্ষে কলেজ শাখার আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আহসান পারভেজ।

কলেজ পরিদর্শক প্রফেসর মোহাম্মদ সিপন মিয়ার সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ডের সচিব প্রফেসর মো. জাহাঙ্গীর আলম, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এবং বিদ্যালয় পরিদর্শক প্রফেসর আবু সলেহ মো. তারিক মাহমুদ।

কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীন ছয় জেলার ৪৩টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও প্রতিনিধিরা কর্মশালায় অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান প্রফেসর মো. আহসান পারভেজ বলেন, শিক্ষা একটি মহৎ পেশা। শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সবাই সমাজে আলোকিত মানুষ গড়ে তোলার কারিগর হিসেবে কাজ করছেন। তাই প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব ও পেশাগত কাজে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।

তিনি বলেন, বর্তমান শিক্ষা ব্যবস্থার অগ্রগতি ও প্রসারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যেসব প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা কম, সেসব প্রতিষ্ঠানের সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নিতে হবে। এর মাধ্যমে আগামী দিনের বাংলাদেশকে জ্ঞাননির্ভর, উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলা সম্ভব।

বিশেষ অতিথির বক্তব্যে বোর্ডের সচিব প্রফেসর মো. জাহাঙ্গীর আলম বলেন, মোবাইল ও তথ্যপ্রযুক্তির দ্রুত বিস্তারের কারণে বর্তমান শিক্ষা ব্যবস্থা নানা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। এ বিষয়ে শিক্ষক ও প্রতিষ্ঠান প্রধানদের আরও সচেতন হতে হবে। শিক্ষা ব্যবস্থাকে গতিশীল করতে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। পাশাপাশি প্রতিষ্ঠান প্রধানদের দক্ষ ও যোগ্য নেতৃত্বের অধিকারী হওয়া প্রয়োজন।

পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নের জন্য প্রতিষ্ঠান প্রধানকে সঠিক ও যোগ্য নেতৃত্ব দিতে হবে। শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, ধারাবাহিক মূল্যায়ন এবং পরীক্ষা পদ্ধতিতে প্রয়োজনীয় পরিবর্তনের পাশাপাশি শিক্ষার্থীবান্ধব ও সুন্দর পরিবেশ নিশ্চিত করা গেলে প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা বাড়ানো সম্ভব।

কর্মশালায় উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থী বৃদ্ধি এবং প্রতিষ্ঠান ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।