কুমিল্লায় ডেঙ্গুতে প্রাণ গেলো ভিক্টোরিয়ায় শিক্ষার্থীর

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের নূর জাহান নামে এক শিক্ষার্থী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নূর জাহান বাংলা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি কুমিল্লার আদর্শ সদর উপজেলার কমলাপুর গ্রামের আব্দুল সালামের মেয়ে। তাঁর স্বামীর বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার মোচাগারা এলাকায়।

পরিবার সূত্রে জানা গেছে, গত শুক্রবার ডেঙ্গুতে আক্রান্ত হন নূর জাহান। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার পিজি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তাঁর মৃত্যু হয়।

বাংলা বিভাগের শিক্ষার্থী আরিফ হোসাইন বলেন, ‘বুধবার বাদ জোহর নূর জাহানের স্বামীর বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার মোচাগারা এলাকায় জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।’

বাংলা বিভাগের শিক্ষার্থী আফরিন সুলতানা বলেন, ‘নূর জাহান আপুর অল্প বয়সে মৃত্যুর খবর শুনে আমি মর্মাহত হয়েছি। ডেঙ্গুতে তাঁর মৃত্যু হয়েছে, এটা মেনে নিতে খুব কষ্ট হচ্ছে। আল্লাহ তাঁকে মাফ করুন।’

বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. মশিউর রহমান ভূঞা বলেন, ‘আমার ছাত্রী নূর জাহান অত্যন্ত ভদ্র মেয়ে ছিল। বিভাগের বিভিন্ন অনুষ্ঠানে সে নিয়মিত অংশগ্রহণ করত। সে অনেক সৃজনশীল ছিল। তার মৃত্যু সংবাদে আমরা অত্যন্ত ব্যথিত ও মর্মাহত।’

এদিকে, নূর জাহানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল বাসার ভূঞা, উপাধ্যক্ষ প্রফেসর মো. আবদুল মজিদ, শিক্ষক পরিষদের সম্পাদক গাজী মুহাম্মদ গোলাম সোহরাব হাসান এবং বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. মশিউর রহমান ভূঞাসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকরা।