কুমিল্লায় নগরীতে অনুমোদনহীন “পার্কিং নিষেধ” সাইনবোর্ডে ক্ষোভ সাধারণ মানুষের

তৌহিদ হোসেন সরকার।।
কুমিল্লা মহানগরীর বিভিন্ন সড়কের পাশে প্রায়ই দেখা যায়— “এখানে গাড়ি পার্কিং নিষেধ” লেখা ছোট ছোট সাইনবোর্ড। অথচ এসব সাইনবোর্ডের অধিকাংশই কোনো সরকারি কর্তৃপক্ষ বা ট্রাফিক বিভাগের অনুমোদিত নয় বলে অভিযোগ উঠেছে।

রাস্তা জনগণের সম্পদ, সাধারণ মানুষের চলাচলের জন্য নির্মিত। নাগরিকরা নিয়মিত রোড ট্যাক্স ও বিভিন্ন কর প্রদান করে এসব সড়ক ব্যবহার করে থাকেন। সেখানে কোনো ব্যক্তি বা দোকানদার কীভাবে নিজ উদ্যোগে রাস্তার পাশে পার্কিং নিষেধাজ্ঞার সাইনবোর্ড স্থাপন করেন— এ প্রশ্ন এখন জনমনে।

সড়ক ব্যবস্থাপনা ও ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে রয়েছে ট্রাফিক পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসন। কিন্তু অনুমোদনহীনভাবে ব্যক্তি উদ্যোগে এমন সাইনবোর্ড বসানোর কারণে সাধারণ মানুষ বিভ্রান্ত ও ভোগান্তির শিকার হচ্ছেন। অনেক ক্ষেত্রে দোকান বা প্রতিষ্ঠানের সামনে নিজেদের সুবিধার্থে রাস্তার অংশ দখলে রাখতেই এসব বোর্ড ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

ভুক্তভোগী জনসাধারণ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।