‘খানদানি’ টি-শার্ট পরে মসজিদ থেকে এসপির জুতা চুরি!

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা পুলিশ লাইন্স মসজিদে জুমার নামাজ আদায় করছিলেন পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। এসময় টি-শার্টের ওপর খানদানি লেখা এক ব্যক্তি পুলিশ সুপারের জুতা চুরি করে নিয়ে যায়। নামাজ শেষে এ নিয়ে শোরগোল তৈরি হয়। এরপর সিসিটিভি ফুটেজ চেক করে ডিবি পুলিশ। তারপর অল্প সময়ের মধ্যে ওই চোরকে আটক করা হয়। আজ শুক্রবার এ ঘটনা ঘটে। যদিও এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি গোয়েন্দা পুলিশ।

কুমিল্লা পুলিশ লাইনে চাকরি করা নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, পুলিশ সদস্যরা এসে সিসিটিভি ফুটেজ দোখেছেন৷  জুতার তাকের ওপরে স্যারের জুতা ছিল। টি-শার্ট পরা একটি ছেলে পায়ে দিয়ে হেঁটে চলে যাচ্ছে। তার  টি-শার্টে খানদানী হোটেল এন্ড রেষ্টুরেন্ট শব্দটি লেখা ছিল। অল্প সময়ের মধ্যে চোর থেকে জুতা উদ্ধার করা হয়। 

পুলিশ সুপারের জুতা চুরি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন প্রকার মন্তব্য করতে দেখা যায় নেটিজেনদের। সাম্প্রতিক সময়ে কুমিল্লায় চুরির ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে ছিনতাই। দিনেদুপুরে গতকাল বৃহস্পতিবার নগরের অন্যতম নিরাপদ ও ব্যস্ততম এলাকা ঠাকুরপাড়ায় ছিনতাইয়ের ঘটনা ঘটে। এর একটি ফুটেজ ভাইরাল হয়েছে। এই সময়ে মসজিদ থেকে পুলিশ সুপারের ঘটনাটিকে বড় ঘটনা হিসেবেই দেখছেন কুমিল্লার সাধারণ মানুষ।

এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম শাহের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।