স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার চৌদ্দগ্রামে এক কৃষককে ‘সাত টুকরা’ করার হুমকি দিয়ে ডাকযোগে চিরকুট ও কাফনের কাপড় পাঠিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই কৃষক।
জেলার চৌদ্দগ্রাম উপজেলার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের চন্ডিপুর গ্রামের মোক্তল হোসেনের ছেলে আবদুর রহমান (৫৬)।
বুধবার (৬ মে) দুপুরে ভুক্তভোগী চৌদ্দগ্রাম মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
বিষয়টি রাতে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন। জিডিতে আবদুর রহমান উল্লেখ করেন, তিনি একজন কৃষক। তাঁর দুই ছেলে প্রবাসে থাকেন। স্ত্রী ও ছোট মেয়েকে নিয়ে তিনি চন্ডিপুর গ্রামে বসবাস করেন। গত মঙ্গলবার (৫ মে) সকালে উপজেলা ডাকঘরের এক পিয়ন তাঁর নামে একটি খাকি খাম ও একটি পার্সেল পৌঁছে দেন। পার্সেলে প্রেরকের নাম উল্লেখ ছিল ‘জুলাস ব্যাপারী’, ঠিকানারামরায়গ্রাম কসাইবাড়ি, চৌদ্দগ্রাম।
খাম খুলে আবদুর রহমান একটি হাতে লেখা চিরকুট পান, যেখানে লেখা ছিল “তোর কাফনের কাপড় রেডি। তুই ঘরে, রাস্তায়, বাজারে বা কোর্টে মরার জন্য প্রস্তুত থাক। তুই এখন গ্যাংয়ের টার্গেট। তোর পাপ তোকে ছাড়বে না। সাত টুকরা হবি।
চিরকুটে একটি তারকা চিহ্ন ও কিছু আরবি লেখাও ছিল। পার্সেলের ভেতরে সাদা কাফনের কাপড় পাওয়া যায়। ভুক্তভোগী আরও জানান, প্রেরকের দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করলেও কেউ কল রিসিভ করেনি। কে বা কারা এবং কী কারণে এ ধরনের হুমকি দিয়েছে, তা তিনি জানেন না। বর্তমানে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা চরম আতঙ্কে রয়েছেন। তিনি বলেন, ‘আমার সঙ্গে কারও কোনো শত্রুতা নেই। তবে প্রায় দেড় বছর আগে আমার সৌদি প্রবাসী ভাগনের স্ত্রী অন্য একজনের সঙ্গে চলে যাওয়ার ঘটনায় একটি মামলা হয়। সেই মামলায় আমি সাক্ষী। হুমকির চিঠিতে কোর্টের কথা উল্লেখ থাকায় ধারণা করছি, ওই ঘটনার সঙ্গে জড়িত কেউ এ কাজ করতে পারে।
চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফ হোসাইন বলেন, আবদুর রহমান নামের এক কৃষককে ডাকযোগে প্রাণনাশের হুমকি ও কাফনের কাপড় পাঠানোর ঘটনায় তিনি বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছেন। ব্যবহৃত মোবাইল নম্বরটি ময়মনসিংহ এলাকার একটি নম্বর হিসেবে শনাক্ত হয়েছে। আমরা গুরুত্বের সঙ্গে বিষয়টি তদন্তের জন্য মাঠে কাজ চালিয়ে যাচ্ছি।