রাহাদুল ইসলাম সুজন, কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) স্বেচ্ছাসেবী সংগঠন ‘রোটার্যাক্ট ক্লাব অব কুমিল্লা ইউনিভার্সিটি’র নবীন বরণ ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের সেমিনার কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন রোটার্যাক্ট ক্লাব অব কুমিল্লা ইউনিভার্সিটির সভাপতি নাজমুস সাকিব, সাধারণ সম্পাদক নাঈমুর রহমান, বোর্ড অব ডিরেক্টরসসহ নবীন শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানের ‘ক্যাম্পাস টু ক্যারিয়ার’ শীর্ষক সেশনে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) প্রভাষক হাসিন মাহতাব মাহিন।
এতে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবন, দক্ষতা উন্নয়ন, যোগাযোগ, জনসমক্ষে বক্তব্য প্রদান এবং ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতি নিয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
তিনি বিশ্ববিদ্যালয় জীবনে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন দক্ষতা অর্জন, আত্মবিশ্বাসের সঙ্গে নিজেকে উপস্থাপন এবং ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রস্তুতি নেওয়ার বিভিন্ন দিক তুলে ধরেন।
অর্থনীতি বিভাগের ২০তম আবর্তনের শিক্ষার্থী মিশকাতুল জান্নাত মীম বলেন, “অনুষ্ঠানটি বিশেষ করে নবীন শিক্ষার্থীদের জন্য একটি চমৎকার অভিজ্ঞতা ছিল। আমরা ক্যারিয়ার ও জীবন সম্পর্কে বেশ কিছু মূল্যবান জ্ঞান অর্জন করেছি। আশা করি, রোটারেক্ট ক্লাব ভবিষ্যতেও এ ধরনের আরও অনুষ্ঠানের আয়োজন করবে।”
ক্লাবের সাধারণ সম্পাদক নাঈমুর রহমান বলেন, “আজ আমরা আমাদের জেনারেল মেম্বারদের নিয়ে নতুন এক যাত্রা শুরু করতেছি। বিশ্ববিদ্যালয়ে শুধু অনেক কিছুতে যুক্ত থাকাটাই গুরুত্বপূর্ণ না। কোথাও যুক্ত হয়ে তুমি নিজেকে তৈরি করছ কি না—সেটা বেশি গুরুত্বপূর্ণ। রোটার্যাক্ট আমাকে আস্তে আস্তে লিডারশিপ, কমিউনিকেশন, টিমওয়ার্ক ইত্যাদি শিখিয়েছে। এবং আমরা চাই, তোমরা ইন ফিউচারে তাই করো।”
রোটার্যাক্ট ক্লাব অব কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সভাপতি নাজমুস সাকিব বলেন, “রোটার্যাক্ট ক্লাবে আজকে আমাদের নতুন যে সকল সদস্যবৃন্দ উপস্থিত হয়েছেন, আমরা তাদেরকে স্বাগত জানাই। নবীনদের বলতে চাই—ট্রাই টু ড্রিম বিগার। তোমাদের হাতে সামনে চার বছর আছে, তোমরা বড় বড় কিছু স্বপ্ন দেখো। তোমাদের যে অপরচুনিটিগুলো দরকার, রোটার্যাক্ট ক্লাব তোমাদেরকে সে অপরচুনিটিগুলো প্রোভাইড করবে। জাস্ট তোমাদেরকে সে ইনিশিয়েটিভটা নিতে হবে। ইউ হ্যাভ টু টেক দ্য ফার্স্ট স্টেপ।”