আহনাফ তিহামী, দাউদকান্দি প্রতিনিধি:
কুমিল্লার দাউদকান্দিতে নিরাপদ সড়ক চাই (নিসচা) উপজেলা শাখার উদ্যোগে সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের স্ত্রী প্রয়াত জাহানারা কাঞ্চনের আত্মার মাগফেরাত কামনায় আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় নিসচা দাউদকান্দি উপজেলা শাখার গৌরীপুর কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন নিসচা দাউদকান্দি উপজেলা শাখার সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মো. আবুল হাসান ফারুক, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রাসেল আহমেদ, অর্থ সম্পাদক আহনাফ তিহামী, কার্যনির্বাহী সদস্য মো. ফয়সাল সিকদার, মোহাম্মদ সাইফুল ইসলাম ও মো. কাওসারসহ সংগঠনের অন্যান্য সদস্য।
মিলাদ ও দোয়া মাহফিলে নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও একুশে পদকপ্রাপ্ত সড়কযোদ্ধা ইলিয়াস কাঞ্চনের দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করা হয়। একই সঙ্গে সড়ক দুর্ঘটনায় নিহত তাঁর স্ত্রী মরহুমা জাহানারা কাঞ্চনের আত্মার মাগফেরাত কামনা এবং সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করা শুধু সরকারের একার দায়িত্ব নয়; এ ক্ষেত্রে চালক, যাত্রী, পথচারীসহ সমাজের প্রত্যেকের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক আইন মেনে চলা, যানবাহন চালানোর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন এবং জনসচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই।
তাঁরা আরও বলেন, নিরাপদ সড়ক গড়ে তুলতে সামাজিক আন্দোলন জোরদার করার পাশাপাশি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে।
শেষে প্রয়াত জাহানারা কাঞ্চনের রুহের মাগফেরাত, ইলিয়াস কাঞ্চনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশ-জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এর মধ্য দিয়ে মাসব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘটে।