দাউদকান্দিতে ১০ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল আরোহী গ্রেপ্তার

দাউদকান্দি-তিতাস প্রতিনিধি।।
কুমিল্লার দাউদকান্দিতে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি এফজেডএস মোটরসাইকেল জব্দ করা হয়।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি পৌরসভার দক্ষিণ সতানন্দি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের দিকনির্দেশনায় এসআই (নিঃ) কমল কৃষ্ণ সাহা সঙ্গীয় ফোর্স নিয়ে থানা এলাকায় দিবাকালীন স্পেশাল-১১ ডিউটিতে ছিলেন। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে
দাউদকান্দি-মেঘনা-গোমতী টোল প্লাজার প্রায় ১০০ গজ পশ্চিমে মহাসড়কের ঢাকামুখী লেনে চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালালে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পরে মোটরসাইকেলসহ চালক রুবেল ভূঁইয়াকে (৩৫) গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রুবেল ভূঁইয়া নরসিংদীর মাধবদী থানার খিজিরকান্দি গ্রামের মো. সেলিমের ছেলে। তাঁর মায়ের নাম বিলকিস বেগম ওরফে দুঃখুনী।

পুলিশ জানিয়েছে, উদ্ধার করা ইয়াবা ও জব্দ করা মোটরসাইকেলের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।