দেবিদ্বার প্রতিনিধি।।
কুমিল্লার দেবিদ্বার উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়নের গুনাইঘর বাজার থেকে পৌরসভা ভবন সংলগ্ন গজারিয়া রাস্তার মাথা পর্যন্ত দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়া সড়কটি নিজ উদ্যোগে সংস্কার কাজ শুরু করেছেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদ।
সোমবার সকাল থেকে সড়কটিতে মাটি ভরাট ও সংস্কার কার্যক্রম শুরু করা হয়। দীর্ঘদিন ধরে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হওয়া এবং বর্ষার বৃষ্টিতে কাদায় পরিণত হওয়ায় যানবাহন ও পথচারীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। ফলে স্থানীয়দের বাধ্য হয়ে দেবিদ্বারে যাতায়াতের জন্য অনেকটা পথ ঘুরে যেতে হতো।
স্থানীয় সিএনজি চালকরা বলেন, এই রাস্তাটি খারাপ থাকার কারণে আমরা নিয়মিত যাত্রী নিয়ে চলাচল করতে পারতাম না। গাড়ি নষ্ট হওয়ার ভয় ছিল, অনেক সময় বিকল্প রাস্তা ব্যবহার করতে হতো। চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ নিজের উদ্যোগে রাস্তাটি সংস্কার করায় আমরা খুবই উপকৃত হবো। এটি এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল। রাস্তাটি ঠিক হলে সময় ও খরচ দুটোই কমবে।
স্থানীয় বাসিন্দা আনিছ মুহুরি বলেন, “বৃষ্টির সময় এই রাস্তা দিয়ে হাঁটা ছিল খুবই কষ্টকর। স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষ সবাই ভোগান্তিতে পড়তেন। কাজ শুরু হওয়ায় আমরা আনন্দিত।
ব্যবসায়ী মো. জাহাঙ্গীর আলম বলেন, রাস্তার কারণে আমাদের ব্যবসাও ক্ষতিগ্রস্ত হচ্ছিল। দ্রুত সংস্কার হওয়ায় এলাকার মানুষ স্বস্তি পাবে।
চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদ বলেন, এটি জনগণের দীর্ঘদিনের দুর্ভোগের একটি রাস্তা। মানুষের কষ্ট দেখে ব্যক্তিগত উদ্যোগে সংস্কার কাজ শুরু করেছি। আমি বিশ্বাস করি, মানুষের সেবা করাই সবচেয়ে বড় দায়িত্ব। ভবিষ্যতেও এলাকার উন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয়দের আশা, দ্রুত সংস্কার কাজ শেষ হলে সড়কটি দিয়ে নির্বিঘ্নে চলাচল সম্ভব হবে এবং দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে।