দুই বছর ধরে মামার বাড়িতে আত্মগোপনে, ব্রাহ্মণপাড়ায় মামার বাড়িতে গ্রেফতার ছাত্রলীগ নেতা

গাজী রুবেল।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় প্রায় দুই বছর ধরে মামার বাড়িতে আত্মগোপনে থাকা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার মোবারক হোসেন চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা ছাত্রলীগের নেতা এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক কাউন্সিলর ও পলাতক আওয়ামী লীগ নেতা মোবারক আলীর ব্যক্তিগত সহকারী (পিএস) হিসেবে পরিচিত।

পুলিশের দাবি, চট্টগ্রাম থেকে কুমিল্লায় এসে স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীদের সংগঠিত করে ঝটিকা মিছিল ও বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করছিলেন মোবারক। পরিকল্পনা বাস্তবায়নের আগেই তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মোবারক হোসেন চট্টগ্রামের বায়েজিদ এলাকার শফিউল বাবু ও মারুফা বেগমের ছেলে। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় তার মামার বাড়িতে আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, মোবারকের মূল বাড়ি চট্টগ্রামের বায়েজিদ এলাকায়। তিনি দীর্ঘদিন ধরে ব্রাহ্মণপাড়া ও চট্টগ্রামের ঠিকানা ব্যবহার করে নিষিদ্ধ সংগঠনের পক্ষে বিভিন্ন গোপন বৈঠক ও সাংগঠনিক কার্যক্রম চালিয়ে আসছিলেন বলে আমাদের কাছে তথ্য রয়েছে।
ওসি আরও জানান, সাম্প্রতিক সময়ে ব্রাহ্মণপাড়া এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীদের সংগঠিত করে ঝটিকা মিছিল ও বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করছিলেন মোবারক। প্রস্তুতিকালে তাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ আরও জানান, আত্মগোপনে থাকার পাশাপাশি সুযোগ বুঝে মোবারক মাঝেমধ্যে চট্টগ্রামে গিয়ে বিভিন্ন ঝটিকা মিছিলে অংশ নিতেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও তিনি আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন প্রচার-প্রচারণায় সক্রিয় ছিলেন বলে দাবি পুলিশের।

গত ১১ সেপ্টেম্বর চট্টগ্রাম নগরীতে অনুষ্ঠিত একটি মিছিলে মোবারককে দেখা গেছে বলেও পুলিশ জানিয়েছে। গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতা মোবারক হোসেনকে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।