দেবিদ্বারে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান: জরিমানা ও যন্ত্র ধ্বংস

সৈয়দ খ‌লিলুর রহমান।।
কুমিল্লার দেবিদ্বারে ফসলি জমি রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ ড্রেজার দিয়ে মাটি কাটার বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে পরিচালিত এই অভিযানে দুটি ড্রেজার ধ্বংস এবং এক ড্রেজার মালিককে জরিমানা করা হয়েছে।

​অভিযান পরিচালনাকারী দলের নেতৃত্ব দেন দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন।

​অভিযান সূত্রে জানা যায়, এদিন ধামতি দক্ষিণ ইউনিয়নের তুলাগাও গ্রামের রহিম ভূইয়ার বাড়ির পাশে অবৈধভাবে মাটি কাটার সময় একটি ড্রেজার ও প্রায় ১০০০ ফুট পাইপ ধ্বংস করা হয়। এছাড়া রামের দিঘিরপাড় এলাকায় অভিযান চালিয়ে অবৈধ ড্রেজার ব্যবহারের দায়ে মো. আব্দুস ছামাদ (৬০) নামের এক ড্রেজার মালিককে ‘বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ এর ১৫(১) ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি সেখানে থাকা আরও একটি ড্রেজার ও প্রায় ১৫০০ ফুট পাইপ ধ্বংস করা হয়।

​এ বিষয়ে দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা বলেন, “ফসলি জমি নষ্ট করে যারা অবৈধভাবে মাটি কাটার সাথে জড়িত, তাদের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কৃষি জমি রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে আমাদের এই অভিযান চলমান থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।”