দেবিদ্বারে অভিযানের খবরে পালালেন ফার্মেসি মালিকরা : ৮ ফা‌র্মেসী ও ২ বাসকে জ‌রিমানা

সিনিয়র রিপোর্টার।।
কুমিল্লার দেবিদ্বারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবর পেয়ে নিউমার্কেট এলাকার অধিকাংশ ফার্মেসি বন্ধ করে মালিক ও কর্মচারীরা পালিয়ে গেছেন। বুধবার সকাল থেকে পরিচালিত অভিযানে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অনেক দোকান তড়িঘড়ি করে বন্ধ করে দেওয়ায় ওষুধ কিনতে আসা ক্রেতাদের মধ্যে বিভ্রান্তি দেখা দেয়। বিষয়টিকে সরকারি দায়িত্ব পালনে অসহযোগিতা হিসেবে দেখছে প্রশাসন।

এদিকে অভিযান চালিয়ে আটটি ফার্মেসিকে অবৈধ, অনিবন্ধিত ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে মোট ৪৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে সড়কের মাঝখানে বাস থামিয়ে যানজট সৃষ্টির দায়ে দুটি বাসকে আরও ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে ১০টি প্রতিষ্ঠান ও যানবাহনকে ৫১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত দেবিদ্বার পৌরসভার নিউমার্কেট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন।

প্রশাসন সূত্র জানায়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নিউমার্কেট এলাকার ১৫টি ফার্মেসিতে পরিদর্শন চালানো হয়। এর মধ্যে আটটি ফার্মেসিতে অবৈধ, অনিবন্ধিত ও মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। পরে ‘ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩’-এর বিভিন্ন ধারায় এসব প্রতিষ্ঠানকে ৪৬ হাজার টাকা জরিমানা করা হয়।

তবে অভিযানের খবর ছড়িয়ে পড়ার পর নিউমার্কেট এলাকার বেশ কয়েকটি ফার্মেসির মালিক ও কর্মচারী দোকান বন্ধ করে চলে যান। এতে প্রয়োজনীয় ওষুধ কিনতে আসা রোগী ও স্বজনরা বিড়ম্বনায় পড়েন। দোকান বন্ধ করে পালিয়ে যাওয়ার ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে ফার্মেসিগুলোর তথ্য সংগ্রহ করা হচ্ছে। তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া এবং বিধি অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

অভিযানে ফার্মেসি মালিকদের অ্যান্টিবায়োটিক বিক্রির ক্ষেত্রে যথাযথ রেজিস্টার সংরক্ষণ ও নিয়মিত হালনাগাদের নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, নির্ধারিত স্থানে না থেমে সড়কের মাঝখানে যাত্রী ওঠানামা করিয়ে যানজট সৃষ্টির দায়ে ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’-এর আওতায় দুটি বাসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন বলেন, “জনস্বাস্থ্য সুরক্ষা, ওষুধের গুণগত মান নিশ্চিত করা এবং জনসাধারণের সড়ক চলাচল নির্বিঘ্ন রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। দোকান বন্ধ করে পালিয়ে যাওয়া ফার্মেসিগুলোর তথ্য যাচাই করে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ফখরুল ইসলাম। এ সময় দেবিদ্বার থানা পুলিশ ও আনসার সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন।