দেবিদ্বারে বিএনপি নেতাদের গাড়িবহরে হামলা-ভাঙচুর, উপজেলা বিএনপির প্রতিবাদ বার্তা

পারভেজ সরকার:

কুমিল্লার দেবিদ্বারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র‍্যালি শেষে ফেরার পথে নেতাকর্মীদের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন এবং একাধিক গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে দাবি করেছে উপজেলা বিএনপি।

সোমবার (৯ নভেম্বর) দেবিদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জসিম উদ্দিন ও সদস্যসচিব মো. নজরুল ইসলাম সরকার স্বাক্ষরিত এক প্রতিবাদ বার্তায় এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

প্রতিবাদ বার্তায় বলা হয়, গত রোববার (৮ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেবিদ্বার উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও র‍্যালির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক ও দেবিদ্বারের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরা।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান লিটন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাশেম, যুগ্ম আহ্বায়ক সুফিয়া বেগম, গুলশান থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ আউয়াল খানসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

প্রতিবাদ বার্তায় আরও উল্লেখ করা হয়, কর্মসূচি শেষে প্রধান অতিথিসহ আমন্ত্রিত নেতারা ফেরার পথে দেবিদ্বার সরকারি পশু হাসপাতালের সামনে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য সচিব এএফএম তারেক মুন্সী, পৌর বিএনপির আহ্বায়ক শাহজাহান মোল্লা, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব কাজী মাসুদ, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রাকিব হাসান এবং পৌর যুবদলের সভাপতি শাহ জামান মুন্সির নেতৃত্বে গাড়িবহরে হামলা ও ভাঙচুর চালানো হয়। এতে কয়েকজন নেতাকর্মী আহত হন এবং একাধিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয় বলে দাবি করা হয়েছে।

উপজেলা বিএনপির নেতারা প্রতিবাদ বার্তায় বলেন, শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি শেষে ফেরার পথে এ ধরনের হামলার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

একই সঙ্গে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী বরাবর ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়। প্রতিবাদ বার্তায় আহত নেতাকর্মীদের দ্রুত সুস্থতা কামনা এবং দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়েছে।