ডেস্ক রিপোর্ট।।
কুমিল্লার দেবিদ্বারে মদপানে অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁরা ঢাকার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতরা হলেন দেবিদ্বার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গুনাইঘর উত্তর পাড়ার ধান্নারপাড় এলাকার বাচ্চু মিয়ার ছেলে মো. সালাউদ্দিন (৩২) এবং উপজেলার হাপুড়খাড়া গ্রামের আলম মিয়ার ছেলে বাসার খান (৩১)। সালাউদ্দিন কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সদস্য ছিলেন।
গত ২২ অক্টোবর দিবাগত রাতে দেবিদ্বার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ধান্নারপাড় এলাকায় নাঈমের মামার বাড়িতে কয়েকজন মিলে মদপান করেন। কিছুক্ষণ পর তাঁরা অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়।
পরদিন নিজ ঘরে অসুস্থ অবস্থায় সালাউদ্দিনকে পড়ে থাকতে দেখেন প্রতিবেশীরা। পরে ঘরের দরজা ভেঙে তাঁকে উদ্ধার করা হয়। প্রথমে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তাঁকে। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৪ অক্টোবর তাঁর মৃত্যু হয়।
অন্যদিকে অসুস্থ বাসার খানকেও প্রথমে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে ২৫ অক্টোবর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় অসুস্থ অন্য চারজন হলেন ধান্নারপাড় এলাকার আতিক (৩৩), শাহীন শাহ (২৮), মোহাম্মদ নাঈম (২৮) এবং এলাহাবাদ গ্রামের কাউছার। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সালাউদ্দিনের মৃত্যুর কারণ হিসেবে হৃদরোগে আক্রান্ত হওয়ার কথা প্রচার করা হয়েছিল। পরে অতিরিক্ত মদপানের বিষয়টি সামনে আসে।
কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সদস্যসচিব মাহমুদুল হাসান তামিম জানান, সালাউদ্দিন জেলা ছাত্রদলের সাবেক সদস্য ছিলেন। পরিবারের পক্ষ থেকে প্রথমে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যুর কথা জানানো হয়েছিল। পরে অতিরিক্ত মদপানের বিষয়টি তাঁরা জানতে পারেন।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, মাদকসংশ্লিষ্ট ঘটনা হওয়ায় সামাজিকভাবে হেয় হওয়ার আশঙ্কায় পরিবার বিষয়টি গোপন রাখতে চেয়েছিল বলে ধারণা করা হচ্ছে। মরদেহ দাফনের পর সাংবাদিকদের মাধ্যমে পুলিশ ঘটনাটি জানতে পারে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: এশিয়া পোস্ট