তাছকিয়া রহমান প্রতিভা, দেবীদ্বার।।
কুমিল্লার দেবীদ্বারে বিষাক্ত সাপের কামড়ে মোসলেম উদ্দিন খান নামের এক জেলের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
নিহত মোসলেম উদ্দিন খান (৫৮) উপজেলার মোহনপুর ইউনিয়নের ভৈষেরকুট গ্রামের বাহর খানের বাড়ির মৃত ফজর আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় খাল-বিলে ভেল জাল দিয়ে মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসছিলেন।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গতকাল বুধবার দিবাগত রাত ৩টার দিকে মোসলেম উদ্দিন খালে পাতা ভেল জাল তুলতে যান। জালের মাছ হাত দিয়ে সংগ্রহ করার সময় অসাবধানতাবশত একটি বিষধর সাপকে মাছ মনে করে হাত দিয়ে ধরে ফেলেন। এ সময় সাপটি তাকে কামড় দেয়।
স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার রক্ত পরীক্ষা করা হলেও ভ্যাকসিন দেওয়ার পূর্বেই আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৭টায় তার মৃত্যু হয়।