গাজী রুবেল।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১২০ কেজি গাঁজা জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ২০ হাজার টাকা। গত শনিবার (৩ মে) সন্ধ্যায় সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী সীমান্তে গোয়েন্দা নজরদারি জোরদার করেছে সুলতানপুর ব্যাটালিয়ন। এরই অংশ হিসেবে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসির দিকনির্দেশনা ও পরিকল্পনায় শনিবার ব্রাহ্মণপাড়া উপজেলার সালদানদী বিওপির টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে টহলদল পরিত্যক্ত অবস্থায় ১২০ কেজি গাঁজা জব্দ করতে সক্ষম হয়। পরে উদ্ধার করা গাঁজা ব্যাটালিয়ন সদর দপ্তরের মাদক স্টোরে জমা রাখা হয়। পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়ায় সেগুলো ধ্বংস করা হবে বলে জানিয়েছে বিজিবি।
সুলতানপুর ব্যাটালিয়ন জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত সুরক্ষা এবং মাদকমুক্ত এলাকা গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।